রূপসী শাড়ি ঘরের বিক্রয় বৃদ্ধির কারণ হলো পণ্যের পর্যায়িতকরণ করা।
নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণ বা শ্রেণিবদ্ধকরণ বিপণনের অন্যতম একটি কাজ। পণ্যের বিক্রয় ও মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তা পর্যায়িতকরণ করা হয়। এটি মূলত প্রমিতকরণের বাস্তব রূপ।
উদ্দীপকের ইমরান শেখ দেশের বিভিন্ন অঞ্চল থেকে উন্নতমানের তাঁত ও সিল্কসহ দেশীয় বিভিন্ন ধরনের শাড়ি সংগ্রহ করেন। ঢাকার নিউমার্কেটে তার গুদামঘর ও 'রূপসী শাড়ি ঘর' নামে একটি শোরুম রয়েছে। তার শোরুমে শাড়ির প্রকৃতি, গুণগতমান, ডিজাইন ও মূল্যভেদে পৃথক পৃথক র্যাকে শাড়িগুলো সজ্জিত করেন। এতে করে ক্রেতারা সহজেই তাদের বাজেটের মধ্যে পছন্দের শাড়ি ক্রয় করে সন্তুষ্ট হন। এখানে দেখা যাচ্ছে, জনাব ইমরান তার শোরুমে শাড়িগুলো কতিপয় বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করে তা সজ্জিত করেন। তার এ কাজ বিপণনের পর্যায়িতকরণকে নির্দেশ করে।
নির্দিষ্ট গুণাগুণ ও মানদন্ডের ভিত্তিতে পণ্য পর্যায়িতকরণ করা হয়। এর ফলে উৎপাদক যেমন সহজে পণ্য বিক্রয় করতে পারে তেমনি ক্রেতা তার পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। বাজারে একই মানের বা একই দামে পণ্য প্রচলন হয় না। ভোক্তাদের পার্থক্যের কারণে একই প্রতিষ্ঠান বিভিন্ন মানের পণ্য বাজারে ছাড়ে। এ বিষয়টি বিবেচনা করে পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণিবিভাগ করা হলে বাজারে বিদ্যমান সকল ধরনের ভোক্তা পণ্যসামগ্রী ক্রয় করতে সক্ষম হন। উদ্দীপকেও একইভাবে পর্যায়িতকরণ কাজ সম্পাদনের মাধ্যমে ইমরান শেখের শোরুমে বিক্রয় বৃদ্ধি পাচ্ছে এবং তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন।