বিজ্ঞাপন ও প্রচার এক বিষয় নয়। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যেকোনো অর্থপ্রদত্ত উপায়ে ধারণা, পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা ও প্রসার হচ্ছে বিজ্ঞাপন। অন্যদিকে উৎপাদক বা উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদান ব্যতীত গণমাধ্যমসমূহে পণ্য বা সেবা সম্পর্কে মতামত প্রকাশ অথবা অনুকূল উপস্থাপনার দ্বারা পরোক্ষভাবে পণ্য বা সেবার চাহিদা বৃদ্ধির প্রয়াসকেই প্রচার বলা হয়।
সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যেই বিজ্ঞাপন দেওয়া হয়, যেখানে প্রচারের উদ্দেশ্য হলো পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তোলা। আবার বিজ্ঞাপনের কার্যক্ষেত্র সীমিত যেখানে প্রচারের আওতা ব্যাপক। বিজ্ঞাপনের জন্য অর্থের প্রয়োজন হয় যেখানে প্রচারের জন্য অর্থের প্রয়োজন হয় না বা হলেও অনেক কম। তাই বলা যায়, বিজ্ঞাপন ও প্রচার কোনো অবস্থাতেই এক বিষয় নয়।