দুটি স্থানে লেখা বিজ্ঞাপন মাধ্যম দুটি হলো লিফলেট ও বহিঃবিজ্ঞাপন। বিজ্ঞাপন দুটিতে একই লেখা থাকলেও বিজ্ঞপনের মাধ্যম হিসেবে তা কোনো অবস্থাতেই এক নয়।
পণ্যসামগ্রীর বৈশিষ্ট্য, গুণাগুণ, উপযোগিতা ইত্যাদি কাগজে ছাপিয়ে জনবহুল স্থানে লোক মারফত বিলি করা বা ডাকযোগে মানুষের নিকট প্রেরণ করাকে লিফলেট বলে। অন্যদিকে দেশের প্রধান প্রধান সড়কের পার্শ্বে, ব্যস্ত নৌপথের আশেপাশের দৃশ্যমান স্থানে, বাণিজ্যিক এলাকায় অথবা শহরের ব্যস্ততম ও জনবহুল এলাকার বড় বড় অট্টালিকার ছাদে কিংবা দেয়ালে বিরাট আকৃতির সাইনবোর্ড বা প্রচারপত্রের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তাকে বহিঃবিজ্ঞাপন বলে।
উদ্দীপকে জনাব ইমরান খুলনা যাওয়ার উদ্দেশ্যে বাসে বসে আছেন। এমন সময় একটি লোক বাসে উঠে প্রত্যেক যাত্রীকে একটি করে কাগজ দিয়ে বাস থেকে নেমে গেলেন। জনাব ইমরান কাগজটি পড়ে দেখলেন 'গাছ লাগান পরিবেশ বাঁচান' এ সম্পর্কে অনেক বিষয় সেখানে সুন্দর ভাষায় লেখা আছে। খুলনায় পৌছানোর পর তিনি একটি বহুতল বিশিষ্ট দালানের গায়ে একই বিষয় লেখা দেখলেন। সাধারণ মানুষ হিসেবে জনাব ইমরান এ দু'ধরনের লেখার মাধ্যমে কোনো পার্থক্য পেলেন না।
বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতা বা সাধারণ জনগণকে পণ্য, প্রতিষ্ঠান বা বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে। বিজ্ঞাপনের উদ্দেশ্যগুলো একই ধরনের হলেও উদ্দীপকের দুটি বিজ্ঞাপন দুই ধরনের এবং এদের কার্যকারিতাও ভিন্ন। লিফলেট বিজ্ঞাপন সাধারণত জনগণ পড়ে না, ফলে তারা বিজ্ঞাপনের বিষয় সম্পর্কে জানতে পারে না। অন্যদিকে বহিঃবিজ্ঞাপন ২৪ ঘণ্টা দেয়ালে থাকে বিধায় বিজ্ঞাপনের বিষয় সাধারণ মানুষের নজরে আসে। তাই আমি মনে করি, বিজ্ঞাপনের লিফলেট ও বহিঃবিজ্ঞাপন মাধ্যম কোনো অবস্থাতেই এক নয়।