ব্যবসায়ের সফলতা অর্জনে বিপণন মিশ্রণের একটিমাত্র উপাদানই যথেষ্ট নয়। উক্তিটির সাথে আমি একমত।
বিপণন মিশ্রণ হচ্ছে ভোক্তা বা ক্রেতার প্রয়োজন ও অভাব মেটানোর উদ্দেশ্যে একসেট নিয়ন্ত্রণযোগ্য উপাদানের সংমিশ্রণ। বিপণন মিশ্রণের উপাদান ৪টি। পণ্য, মূল্য, বণ্টন ও প্রসার। বিপণনকারী প্রয়োজন অনুযায়ী এসব উপাদানের সমন্বয় করে বিপণন কাজ সম্পাদন করে।
উদ্দীপকে মুক্তা ইলেক্ট্রনিক্স 'ভিশন-৪২' নামক রেফ্রিজারেটর বাজারে নিয়ে এসেছে। পণ্যের গুণগত মান ভালো ও দাম ক্রেতাদের নাগালের মধ্যে। প্রথমত প্রতিষ্ঠানটি টেলিভিশন, সংবাদপত্র ও ম্যাগাজিনে নিয়মিত প্রচার করে। ক্রেতারা পণ্য সম্পর্কে জানলেও আগ্রহী না। কারণ, প্রতিষ্ঠানটির একটিমাত্র শোরুম ও পণ্য পরিবহনের জন্য তাদের কোনো ব্যবস্থা নেই। এখানে দেখা যাচ্ছে, তারা বিপণন মিশ্রণের পণ্য, মূল্য ও প্রসার উপাদানটি ব্যবহার করলেও সঠিক বণ্টন ব্যবস্থা তৈরি করতে পারেনি।
সমাজে বসবাসরত বিভিন্ন ব্যক্তির চাহিদা এবং ক্রয় সামর্থ্য একই রকম হয় না। তাই বিপণনকারীকে সমাজের বিভিন্ন শ্রেণির ভোক্তাদের জন্য বিভিন্ন ধরনের পণ্য এবং মূল্য নির্ধারণ করতে হয়। এছাড়া ভোক্তাদের পণ্য সম্পর্কে অবহিতকরণ ও সঠিক স্থানে পণ্য পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন পড়ে। অর্থাৎ বিপণনকারীকে বিপণন মিশ্রণের সকল উপাদান সমন্বয়ে বিপণন কর্মকাণ্ড সম্পাদন করতে হয়। তবে উদ্দীপকে বিপণন মিশ্রণের পণ্য, মূল্য ও প্রসারমূলক কাজ সম্পাদন করা হলেও সঠিক বণ্টন কৌশল গ্রহণ করা হয়নি। ফলে ক্রেতারা পণ্য ক্রয়ে আগ্রহ প্রকাশ করছে না। এমতাবস্থায় প্রতিষ্ঠানের প্রয়োজন বিপণন মিশ্রণের সকল উপাদানের সমন্বয়ে তাদের কাজ সম্পাদন করা। তাই বলা যায়, ব্যবসায়ের সফলতা অর্জনে বিপণন মিশ্রণের একটিমাত্র উপাদানই যথেষ্ট নয়; বরং সকল উপাদানের সঠিক সমন্বয় প্রয়োজন।