'প্রচারই প্রসার' কথাটি যথার্থ।
পণ্য বা প্রতিষ্ঠানের তথ্য ক্রেতার নিকট পৌঁছানোর পন্থা বা পদ্ধতিকে প্রসার বলে। অন্যভাবে বলা যায়, যেসব হাতিয়ার বা পন্থা ব্যবহার করে বিপণনকারী পণ্য বা প্রতিষ্ঠানের তথ্য ক্রেতা বা ভোক্তার নিকট পৌছায় তাকে বিপণন প্রসার বলে। বিপণন প্রসারের হাতিয়ার হলো: বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার ও জনসংযোগ।
উদ্দীপকে আরিফ এইচএসসি পরীক্ষার পর সিলেট বেড়াতে গেল। সিলেট শহরে সায়হাম কোম্পানির সাইবোর্ড, বিলবোর্ড, নিয়ন সাইন দেখতে পায়। কোম্পানি তাদের পণ্যের বিস্তারিত তথ্য অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছে। আরিফ প্রায় প্রত্যেকটি পণ্যের বিলবোর্ড দেখে আকর্ষিত হচ্ছে। সে একটি পণ্যের প্রতি এতই আকৃষ্ট হলো যে, দোকান থেকে সেটি কিনেই ফেলল। এখানে দেখা যাচ্ছে, আরিফ পণ্যের বিলবোর্ড দেখে এতটাই আকৃষ্ট হলো যে, সে পণ্য ক্রয় করতে আগ্রহী হয়ে গেল।
ক্রেতাদের অবগত করার জন্য প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রসার কৌশল অবলম্বন করে থাকে। যে প্রতিষ্ঠান যত বেশি আকর্ষণীয় ও চমকপ্রদ প্রসার ব্যবস্থা করে থাকে, সে প্রতিষ্ঠান তত বেশি ক্রেতাদের তার পণ্য সম্পর্কে অবহিত করতে পারে। উদ্দীপকেও আরিফ সিলেটে বেড়াতে গিয়ে পণ্যের তথ্যসহ অত্যন্ত আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। এছাড়া সে এসব প্রচার ব্যবস্থা দেখে এতটাই আকৃষ্ট হয় যে, পণ্য ক্রয় করতে বাধ্য হয়। তাই উদ্দীপকের আলোকে বলা যায়, প্রচার ব্যবস্থার ফলেই প্রতিষ্ঠনগুলো প্রসার লাভ করে। অর্থাৎ প্রচারই প্রসার।