উদ্দীপকে মানবীয় মূল্যবোধসম্পন্ন সমাজব্যবস্থার সাথে 'লালসালু' উপন্যাসে বর্ণিত অন্ধবিশ্বাস ও কুসংস্কারাচ্ছন্ন জনসমাজের পার্থক্য রয়েছে।'লালসালু' উপন্যাসের ভিত্তিভূমি মহব্বতনগর গ্রাম নানা সামাজিক সমস্যায় পূর্ণ। এ সমাজ অন্ধবিশ্বাস, কুসংস্কার, অশিক্ষা, বাল্যবিয়ে, বহুবিয়ে, অসম বয়সের বিয়েসহ নানা সমস্যায় জর্জরিত। সাধারণ মানুষের সরলতা এ সমাজে বিপর্যয় ডেকে আনে।উদ্দীপকে বর্ণিত হোসেন মিয়ার প্রতিষ্ঠিত ময়নাদ্বীপের সমাজব্যবস্থা যেকোনো প্রকার সামাজিক সমস্যা থেকে মুক্ত। হোসেন মিয়া এ সমাজ থেকে সকল প্রকার শোষণ, বঞ্চনা, অন্ধবিশ্বাস, কুসংস্কার দূর করে মানবীয় মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে চায়। অপরদিকে মহব্বতনগর গ্রামের সমাজব্যবস্থায় মানবীয় মূল্যবোধের ঠাঁই নেই। মজিদ প্রতিষ্ঠিত এ সমাজের সর্বত্র ধ্বনিত হয়েছে গ্রামের মানুষের সরলতা, অন্ধবিশ্বাস ও সংস্কারকে কাজে লাগিয়ে স্বার্থসিদ্ধি। এদিক থেকে উদ্দীপকে বর্ণিত সমাজব্যবস্থার সাথে 'লালসালু' উপন্যাসে বর্ণিত সমাজব্যবস্থার বৈসাদৃশ্য রয়েছে।