ডা. রাশেদ এর সফলতার কারণ হলো উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের আধুনিক যুগ অনুসরণ।
উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান সময়কালকে আধুনিক যুগ বলা হয়। ১৯৫০ সালের পর এ যুগের আবির্ভাব ঘটে। এ যুগে উৎপাদনে আধুনিক কৌশল, কম্পিউটারাইজড পদ্ধতি ও বিভিন্ন পরিসংখ্যানিক তত্ত্ব ব্যবহার করা হয়।
উদ্দীপকে ডা. রাশেদ একজন হার্ট বিশেষজ্ঞ। তিনি হার্টের চিকিৎসায় আরও বেশি সেবা দেওয়ার জন্য আধুনিক প্রযুক্তিজ্ঞানসম্পন্ন চিকিৎসা পদ্ধতির ওপর একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্যে গমন করেন। দেশে ফিরে তিনি কম্পিউটার প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে আগের তুলনায় অনেক বেশি মানসম্পন্ন চিকিৎসা সেবা প্রদান করায় রোগীরা খুবই সন্তুষ্ট। উক্ত চিকিৎসায় কম্পিউটার প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের আধুনিক যুগকে নির্দেশ করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই উৎপাদন ব্যবস্থাপনার ধারণা, তত্ত্ব ও কৌশলে ব্যাপক অগ্রগতি হয়। এ সময় উৎপাদন ব্যবস্থাপনায় PERT, CPM, Linear Programming সহ বিভিন্ন পদ্ধতি চালু হয়। এরপর কম্পিউটারের ব্যবহার উৎপাদন ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তোলে। উৎপাদনের সমস্যা সমাধানে আধুনিক যন্ত্রপাতি ও কলাকৌশল প্রয়োগ করা হয়। এসব ব্যবস্থাই হলো আধুনিক যুগের উৎপাদন ব্যবস্থাপনা। উদ্দীপকেও আধুনিক যুগ অনুসরণ করে ডাক্তার রাশেদ চিকিৎসায় সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন।