দৃশ্যকল্প-১ অনুযায়ী মানিক মিঞার কর্মকান্ডের মাধ্যমে শ্রমের ভৌগোলিক ও পেশাগত গতিশীলতার সৃষ্টি হয়েছে।
শ্রমিক তার কাজের উদ্দেশ্যে একস্থান থেকে অন্যস্থানে গমন করলে তাকে শ্রমের ভৌগোলিক গতিশীলতা বলে। আবার একই উদ্দেশ্যে এক পেশা থেকে অন্য পেশায় গমন করাকে পেশাগত গতিশীলতা বলে। শ্রম একই স্থানে স্থির থাকে না। কাজের প্রয়োজনে স্থান, পেশা ও শিল্প পরিবর্তন করতে পারে।
উদ্দীপকে মানিক মিঞা একজন কৃষক। তিনি খুলনায় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তিনি ঢাকায় এসে রাইড শেয়ারিং কোম্পানির একজন ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন। এই পরিবর্তনের ফলে তিনি তার পরিবারের জন্য আরও ভালো সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সক্ষম হচ্ছেন। এখানে দেখা যাচ্ছে, তিনি কাজের প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় গমন করেন; যা ভৌগোলিক গতিশীলতাকে নির্দেশ করে। আবার প্রাথমিক পর্যায়ে তিনি কৃষক হলেও পরে তিনি পেশা পরিবর্তন করে ড্রাইভার হিসেবে কাজ করেন; যা পেশাগত গতিশীলতাকে নির্দেশ করে। অর্থাৎ মানিক মিঞার কর্মকাণ্ডের মাধ্যমে শ্রমের ভৌগোলিক ও পেশাগত গতিশীলতার সৃষ্টি হয়েছে।