উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি হলো অনাবৃষ্টি তথা খরা। খরার কারণে আমাদের দেশে ফসল উৎপাদন ব্যাপকভাবে বাধাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
বাংলাদেশে ফসল উৎপাদনে খরা অন্যতম একটি প্রাকৃতিক দুর্যোগ। ফসলের বৃদ্ধি পর্যায়ে গড় বৃষ্টিপাতের অভাবে মাটি পানি শূন্যতা সৃষ্টি হয়। কম বৃষ্টিপাত ও অধিক হারে মাটি থেকে পানি বাষ্পীভূত হওয়ার ফলে কৃষিক্ষেতে খরার প্রভাব দেখা দেয়। দেশে প্রতিবছর ৩০-৪০ লাখ হেক্টর জমি বিভিন্নমাত্রার খরায় কবলিত হয়ে থাকে। খরার ফলে সামগ্রিকভাবে ফসলের বৃদ্ধি কমে যায়। দেশে ৮৩ লাখ হেক্টর চাষযোগ্য জমির শতকরা ৬০ ভাগ জমিতে আমন ধান চাষ করা হয়। এ আমন ধান বৃষ্টির ওপর নির্ভর করে চাষ করা হয়। বিশেষ করে ধানের ফুল ধারণ পর্যায় ও দানা গঠনের সময় খরার ফলে উচ্চ ফলনশীল রোপা আমনের ৪৩-৫০% ফলন ঘাটতি হয়। সেপ্টেম্বর- অক্টোবর মাসের কম বৃষ্টিপাত বোনা ও রোপা আমন ধানের উৎপাদন কমিয়ে দেয় এবং ডাল ও আলু ফসলের চাষকে দেরী করিয়ে দেয়। বৃদ্ধ মৌসুমে নদীর নাব্যতা হ্রাস পায়, পানির স্তর নিচে নেমে যায়। ফলে অনেক সময় সেচ ও খাবারের পানির অভাব দেখা যায়।
সুতরাং, উপর্যুক্ত আলোচনা একথা স্পষ্টভাবে স্বীকৃতি দেয় যে, অনাবৃষ্টির কারণে সৃষ্ট খরায় আমাদের দেশের ফসল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।