উদ্দীপকের অঙ্গটি হলো মানুষের রেচন অঙ্গ বৃক্ক।
বৃক্ক মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে। মানুষের মূত্রে ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া, সিরাম, ক্রিয়েটিনিন ইত্যাদি নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ থাকে। এগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে অপসারণে বৃক্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্কস্থিত নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগতভাবে মূত্র উৎপন্ন করে। উৎপন্ন মূত্র সংগ্রাহী নালিকার মাধ্যমে বৃক্কের পেলভিসে পৌঁছায়। পেলভিস থেকে ইউরেটার হয়ে মূত্রথলিতে আসে এবং সাময়িকভাবে জমা থাকে। মূত্রথলি মূত্র দ্বারা পরিপূর্ণ হলে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে এবং মূত্রথলির নিচের দিকে অবস্থিত ছিদ্রপথে দেহের বাইরে বেরিয়ে আসে। এভাবে বৃক্ক মানবদেহ থেকে ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ অপসারণ করে।
এছাড়াও বৃক্ক মানবদেহে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড ইত্যাদি আয়নের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রণ, অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে।