উদ্দীপকের ফসলটি চা। এশিয়া মহাদেশে বিশ্বের প্রায় ৮০% চা উৎপন্ন হয়। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং ইউরোপে অবশিষ্ট চা (২০%) উৎপন্ন হয়। অধিকাংশ চা বাগান এশিয়ার বৃষ্টিবহুল মৌসুমি এবং নিরক্ষীয় অঞ্চলের পার্বত্য এলাকায় অবস্থিত। আফ্রিকার চা বাগানগুলো পূর্বাঞ্চলীয় বৃষ্টিবহুল পার্বত্য এলাকায় অবস্থিত।
বিশ্বব্যাপী চা উৎপাদন ও বণ্টন চা উৎপাদন সারা বিশ্বব্যাপী বিস্তৃত। তবে এশিয়া, আফ্রিকায় মূলত চা উৎপাদন বণ্টিত। যেমন-
১. চীন: ধারণা করা হয়, চীনে সর্বপ্রথম বুনো অবস্থা থেকে চা গাছকে চায়ের আওতায় আনা হয়। বিশ্বের শীর্ষস্থানীয় চা উৎপাদনকারী দেশ চীন। এখানে প্রধানত পাঁচ ধরনের চা উৎপাদিত হয়। যথাঃ কালো, সবুজ, জেসমিন, ওলো এবং ইস্টক চা। প্রধানত রপ্তানির উদ্দেশ্যে দেশটিতে কালো চা উৎপাদন করা হয়। ইয়াংসি নদীর দক্ষিণে অবস্থিত সিচুয়ান, হুনান, আনছুই, ফুকিয়েন প্রদেশের বর্ষণমুখর পার্বত্য ঢালে অধিক চা বাগান গড়ে উঠেছে।
২. ভারত: বিশ্বের দ্বিতীয় শীর্ষস্থানীয় চা উৎপাদনকারী দেশ ভারত। এ দেশে কয়েক হাজার চা বাগান রয়েছে। বেশিরভাগ বাগান আসাম এবং পশ্চিমবঙ্গের বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে অবস্থিত। পশ্চিমবঙ্গের দার্জিলিং এর চা বাগান থেকে বিশ্বমানের চা উৎপাদিত হয়। এখানকার চা বাগানগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ১২০০ মিটার বা তার চেয়ে বেশি উচ্চতায় অবস্থিত। মেঘালয় এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরালা রাজ্যে অবস্থিত বাগানগুলো থেকেও উল্লেখযোগ্য পরিমাণ চা পাতা সংগ্রহ করা হয়।
সারণি: পৃথিবীর প্রধান প্রধান দেশের চা উৎপাদন (২০১৯)
দেশ
উৎপাদন (হাজার মেট্রিক টন)
দেশ
উৎপাদন (হাজার মেট্রিক টন)
১. চীন
২৭৯১
৬. তুরস্ক
২৬১
২. ভারত
১৩৯০
৭. ইন্দোনেশিয়া
১৩৭
৩. কেনিয়া
৪৫৯
৮. মায়ানমার
১৩২
৪. শ্রীলংকা
৩০০
৯. ইরান
৯০
৫. ভিয়েতনাম
২৬৯
১০. বাংলাদেশ
৯০
উৎস: FAOSTAT. September, 2021
৩. কেনিয়া: কেনিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম চা উৎপাদনকারী দেশ। দেশটির কেরিকু, বোমেট, নান্দি, কিয়াম্বো, মারাগুয়া, মেরু প্রভৃতি এলাকায় প্রচুর চা উৎপন্ন হয়ে থাকে। দেশটির উৎপাদিত চা এর মধ্যে 'ব্ল্য়াক টি' প্রধান এবং জনপ্রিয়। এছাড়া গ্রিন টি, ইয়েলো টি এবং হেয়াইট টিও দেশটিতে উৎপন্ন হয়।
৪. শ্রীলংকা: ভারত মহাসাগরের এই দ্বীপ দেশে অতি অল্প সময়ে চা চাষের ব্যাপক প্রসার ঘটেছে। শ্রীলঙ্কার পার্বত্য ভূপ্রকৃতি এবং ভৌগোলিক অবস্থান চা চাষে সহায়ক। এখানে পশ্চিম ও উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে পাহাড়ের ঢালে প্রায় সারা বছরই বৃষ্টিপাত হয়। শ্রীলঙ্কার মধ্যভাগে অবস্থিত পর্বতকে ঘিরে চা বাগান গড়ে উঠেছে। নিয়মিত বৃষ্টিপাত এবং আর্দ্রতার ঘাটতি না থাকায় বাগানের চা গাছ দ্রুত বৃদ্ধি পায়। ফলে সারা বছর ধরে সপ্তাহে অন্তত দুবার চা পাতা সংগ্রহ করা সম্ভব হয়।
৫. ভিয়েতনাম: চা উৎপাদনে ভিয়েতনাম বিশ্বে পঞ্চম। এখানে কালো, সবুজ এবং জেসমিন চা উৎপন্ন হয়।
এছাড়া ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইরান, মায়ানমার, জাপান চা উৎপাদনে প্রসিদ্ধ।