রূপালী লি.-এ স্থায়ী ও পরিবর্তনশীল এই দুই ধরনের ব্যয় লক্ষ করা যায় ।
প্রাতিষ্ঠানিক কোনো কাজে এককালীন খরচ করা হলো স্থায়ী ব্যয়। এ ধরনের ব্যয় উৎপাদন হোক বা না হোক প্রতিষ্ঠান পরিচালনায় প্রয়োজন হয় । আর উৎপাদন কাজ পরিচালনায় যে ব্যয়ের প্রয়োজন হয় তা হলো পরিবর্তনশীল ব্যয়। উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে এ ধরনের ব্যয়ের তারতম্য ঘটতে থাকে ।
উদ্দীপকে বলা হয়েছে, রূপালী লি. একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান । ২০১৮ সালে প্রতিষ্ঠানটির ১,০০,০০০ একক পণ্য উৎপাদিত হয়। এক্ষেত্রে একক প্রতি কাঁচামাল ১,০০০ টাকা ও একক প্রতি মজুরি ২০০ টাকা প্রয়োজন হয়। এছাড়া প্রতিষ্ঠানটির বিল্ডিং ভাড়া ২,৫০,০০০ টাকা, কর্মকর্তাদের বেতন ৫,০০,০০০ টাকা ও বার্ষিক বিদ্যুৎ বিল ৫০,০০০ টাকা ।
পণ্য উৎপাদনের মূল উপকরণ হলো কাঁচামাল। তাই উৎপাদনের পরিমাণ বাড়ালে কাঁচামালের খরচ বেড়ে যায়। আবার, প্রতি একক পণ্য উৎপাদনের জন্য শ্রমিকদের মজুরি দিতে হয়। তাই রূপালী লি.-এ একক প্রতি কাঁচামাল ও মজুরি হলো পরিবর্তনশীল ব্যয়। তবে প্রতিষ্ঠানটির উৎপাদন কাজ চলমান না থাকলেও বিল্ডিং ভাড়া ও কর্মকর্তাদের বেতন পরিশোধ করতে হয়। আবার, বছর শেষে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। এ খরচগুলোর সাথে উৎপাদনের সরাসরি সম্পর্ক নেই। প্রতিষ্ঠান পরিচালনায় কর্তৃপক্ষকে এ খরচগুলো অবশ্যই বহন করতে হয়। তাই এগুলো স্থায়ী খরচ। অতএব, রূপালী লি.-এর কার্যক্রম পরিচালনায় স্থায়ী ও পরিবর্তনশীল ব্যয়ের প্রয়োজন হয়েছে ।