উদ্দীপকে উল্লিখিত উপস্থাপকের শেষোক্ত উক্তিটিতে বাংলাদেশে চিংড়ি চাষের যথেষ্ট সুযোগ ও সম্ভাবনার কথা বলা হয়েছে। নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো-
বাংলাদেশের নদী, নদীর মোহনা, উপকূলীয় এলাকা ও সমুদ্রের তটরেখা, ম্যানগ্রোভ এলাকা ও সমুদ্রের বিস্তীর্ণ অঞ্চলসহ মহীসোপান চিংড়ি সম্পদের জন্য একান্ত অর্থনৈতিক এলাকা। এ বিশাল জলসম্পদ ছাড়াও খাল, বিল, হাওর-বাঁওড়, ডোবা, পুকুর, হ্রদ, দিঘীতে চিংড়ি চাষের বিরাট সুযোগ ও সম্ভাবনা আছে। চিংড়ি আগে শুধু প্রাকৃতিক ক্ষেত্রসমূহ হতে আহরণ করা হতো। ক্রমান্বয়ে তা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে অভিযোজন ও গবেষণার মাধ্যমে স্বাদু পানি, বদ্ধপানি, উন্মুক্ত জলাশয়সহ প্রায় সর্বত্রই চিংড়ি চাষ করা সম্ভব হচ্ছে। সাম্প্রতিককালে পেলে বা খাঁচায় পর্যন্ত চিংড়ি চাষ হচ্ছে। ধানক্ষেতেও মেয়াদকালের জন্য চিংড়ি চাষ করা শুরু হয়েছে। বর্তমানে গলদা চিংড়ির একক উৎপাদন প্রায় ৪৫০ কেজি/হে। বিশেষজ্ঞদের মতে, এদেশে বর্তমানে ২.০০ লক্ষ হেক্টর ধান ক্ষেত চিংড়ি চাষের উপযোগী এবং আরও ৩,০০০ লক্ষ হেক্টর জমিতে গলদা চিংড়ির জন্য ব্যবহার করার সম্ভাবনা আছে।
সুতরাং উপর্যুক্ত আলোচনা থেকে এটা সহজেই প্রতীয়মান হয় যে, বাংলাদেশের উপকূলীয় বিস্তীর্ণ এলাকা এবং অভ্যন্তরীণ জলাশয়সমূহ চিংড়ি চাষের বেশ অনুকূলে এবং বিদেশে চিংড়ির প্রচুর চাহিদা থাকায় বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি চাহিদা পূরণ ইত্যাদি লক্ষ্য অর্জনে এদেশে গলদা ও বাগদা চিংড়ি চাষের যথেষ্ট সুযোগ ও উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।