উদ্দীপকে উল্লিখিত দেশটি বাংলাদেশ।
বাংলাদেশের প্রেক্ষাপটে জনমিতিক বৈশিষ্ট্যসমূহ থেকে জনসংখ্যার পরিমাণ, জনসংখ্যা বৃদ্ধির হার, ঘনত্ব, জন্ম ও মৃত্যুহার অভিগমনের ধারণা পাওয়া যায়। নিচে বাংলাদেশের ৪টি জনমিতিক বৈশিষ্ট্য আলোচনা করা হলো-
জনসংখ্যার পরিমাণ: পৃথিবীর প্রথম ১০টি জনবহুল দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। বাংলাদেশের মোট জনসংখ্যার ৯১.০৪% মুসলিম, ৭.৯৫% হিন্দু, ০.৬১% বৌদ্ধ, ০.৩% খ্রিস্টান ও অন্যান্য ০.১২%।।
জনসংখ্যা বৃদ্ধির হার: ১৯৬০ এবং ১৯৭০ এর দশকে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি ছিল। ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী দেখা যায়, বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%, যা ২০১১ সালে ছিল ১.৩৭%। অতএব বলা যায়, বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে।
জনসংখ্যার ঘনত্ব: বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি. মি.। ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে ১১১৯ জন। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে।
জন্ম ও মৃত্যুহার: বর্তমানে বাংলাদেশে জন্মহার আগের তুলনায় হ্রাস পেয়েছে। তার কারণ হলো পরিবার পরিকল্পনা, শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগ, চিকিৎসা সুবিধা বৃদ্ধি ইত্যাদি। একই সাথে 'শিশু মৃত্যুহারও আগের তুলনায় হ্রাস পেয়েছে। তবে উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশের জন্মহার ও মৃত্যুহার উভয়ই বেশি।