উদ্দীপকে ভূগোলবিদ 'ক' এর প্রদত্ত মডেলটি হলো জনমিতিক ট্রানজিশনাল মডেল। জনমিতিক ট্রানজিশনাল মডেলের প্রথম স্তর বা পর্যায় হলো প্রাক-শিল্পায়ন যুগ।
প্রাক-শিল্পায়ন যুগে বা বিশ্ব জনসংখ্যার প্রাথমিক পর্যায়ে কোনো আধুনিক চিকিৎসার ব্যবস্থা ছিল না এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন ছিল না। এ ছাড়া এই সময়ে মানুষের জীবন সম্পর্কে উচ্চ ধারণার অভাব, সনাতনী চিন্তাধারা, শিক্ষার অভাব প্রভৃতি কারণে জন্মহার বেশি ছিল। পক্ষান্তরে, পুষ্টিহীনতা ও সুচিকিৎসার অভাব, প্রসবকালে মাতা ও শিশুর মৃত্যু, সংক্রামক ব্যাধি প্রভৃতি কারণে মৃত্যুহারও বেশি ছিল। ফলে এ সময় জন্মহার ও মৃত্যুহার উভয়ই উচ্চ পর্যায়ে ছিল। যেহেতু এ পর্যায়ে উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার দেখা যায়, সেহেতু জনসংখ্যার বৃদ্ধি তেমন ঘটত না। অতীতে বাংলাদেশ এক সময়ে প্রাথমিক পর্যায়ে ছিল। বর্তমানে বাংলাদেশ এ পর্যায়টিতে নেই। ভুটান, মালদ্বীপ, পূর্ব ও পশ্চিম আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার অধিকাংশ এ পর্যায়ের অন্তর্গত।