সারণিতে বাংলাদেশের ৮টি বিভাগের জনসংখ্যার ঘনত্ব দেখানো হয়েছে। যদিও বিভাগ অনুযায়ী জনসংখ্যার ঘনত্বের মধ্যে তারতম্য। লক্ষ করা যাচ্ছে। ঢাকা বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি প্রায় ২১৫৬ জন/বর্গকি.মি.। ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগে যথাক্রমে ১১৪৬, ১১২১, ১০৮৮ জন। চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব যথাক্রমে ৯৭১, ৮৭৩, ৭৮২ ও ৬৮৮ জন। উক্ত জনসংখ্যার ঘনত্ব বিশ্লেষণ করে দেখা যায় যে, কিছু বিভাগে জনসংখ্যার ঘনত্ব তুলনামূলক বেশি। যেমন- ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগ। এর কারণ হলো এসব এলাকায় সমতল ভূমি বেশি এবং কৃষিকাজ ভালো হয়। ফলে এসব অঞ্চলে মানুষ বেশি জনবসতি গড়ে তোলে এবং জনসংখ্যার ঘনত্ব তুলনামূলক বেশি।
অন্যদিকে চট্টগ্রাম, সিলেট পাহাড়িয়া অঞ্চল হওয়ায় এখানে সমতল ভূমি কম। ফলে কৃষিকাজ ভালো হয় না এবং যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে জনবসতি তুলনামূলক কম এবং জনসংখ্যার ঘনত্বও কম।
এছাড়া দক্ষিণাঞ্চলের খুলনা ও ধরিশাল বিভাগ দুটি সমুদ্রসমতলের কাছে হওয়ায় এবং নদীর শাখা নদী জালের মতো ছড়িয়ে থাকায় এখানে মানববসতি গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিকূল। এখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল ও বাড়িঘর নষ্ট হয় এবং নদীভাঙন হয়। ফলে এসব অঞ্চলের বেশিরভাগ মানুষ অন্যত্র বিশেষ করে ঢাকা বিভাগে কর্মসংস্থানের খোঁজে চলে আসে। যার ফলশ্রুতিতে এ বিভাগ দুটিতে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম।
ঢাকা বাংলাদেশের রাজধানী শহর এবং বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবার সুযোগ-সুবিধা, উন্নত নাগরিক সেবার কারণে সব জেলা হতে এখানে বিভিন্ন কাজের জন্য চলে আসে এবং বসতি গড়ে তোলে। ফলে এ বিভাগে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। সুতরাং বলা যায়, উপরিউক্ত কারণে বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে জনসংখ্যার তারতম্য পরিলক্ষিত হয়।