উদ্দীপকের খলিফা ওমর ফারুক (রা.) এর গুণাবলীর সাথে আব্বাসীয় খলিফা হারুন-অর-রশিদের সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :উদ্দীপকে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক (রা.) এর কথা বলা হয়েছে। তিনি তার শাসনামলে জনগণের কল্যাণের জন্য কাজ করে গিয়েছেন। তিনি জনগণের কল্যাণ ও উন্নতি সাধনে নিরলস ভাবে কাজ করেছেন। ইনি ছিলেন অত্যন্ত জনদরদী ও প্রজাবৎসল। জনগণের অবস্থা অবগত হওয়ার জন্য তিনি রাতে ছদ্মবেশে পুরো শহর ঘুরে বেড়াতেন। আব্বাসীয় খিলাফতের পঞ্চম খলিফা ছিলেন হারুন-অর-রশিদ। তিনি ৭৮৬ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহন করেন। খলিফা হারুন-অর-রশিদ ছিলেন জনদরদী ও প্রজাবৎসল। প্রজাদের মঙ্গলের জন্য খলিফা হারুন-অর-রশিদও হযরত ওমর ফারুক (রা.) এর মতো প্রজাদের অবস্থা সম্পর্কে অবগত হওয়ার জন্য রাতে সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। জনগণের সুবিধার জন্য তিনি বিভিন্ন স্থানে মসজিদ-মাদ্রাসা, সরাইখানা, রাস্তাঘাট, সেতু, খাল, হাসপাতাল নির্মাণ ও অন্যান্য উন্নয়নমূলক কাজ করেছিলেন। খলিফা হারুন-অর-রশিদ জনসাধারণের চিকিৎসার জন্য বিমারিস্তান নির্মাণ করেন। তাছাড়া হজ যাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য তিনি ফোরাত থেকে মক্কা পর্যন্ত নহর-ই-জুবাইদা নামে একটি খাল খনন করেন। তাই বলা যায়, উদ্দীপকের খলিফা ওমর ফারুক (রা.) এর গুণাবলীর সাথে আব্বাসীয় খলিফা হারুন-অর-রশিদের সাদৃশ্য রয়েছে।