রঞ্জ ও চৌধুরী স্যারের মনোভাব একই ধরনের। তারা দুজনেই চা পছন্দ করে। তাদের উভয়ের মনোভাবের মধ্যে দুটি উপাদান কাজ করছে। এর একটি হলো জ্ঞানীয় উপাদান অন্যটি হলো অনুভূতিমূলক উপাদান। মানসিক প্রবণতা বা প্রস্তুতিমূলক বিশেষ বিশ্বাস ব্যক্তির অভিজ্ঞতা ও শিখন থেকে তৈরি হয়। ব্যক্তির পারিবারিক, সামাজিক ও কৃষ্টিগত রীতি-নীতি, মূল্যবোধ ইত্যাদি থেকে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান বা শিখন কোনো বিষয়, বস্তু বা পরিস্থিতির পক্ষে বা বিপক্ষে যাবার ক্ষেত্রে তার বিশ্বাসকে প্রভাবিত করে। যেমন- চৌধুরী স্যার বলেন, চা খেলে মনটা পরিষ্কার হয়। যা ঐ বিষয়ে তার অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞানের ওপর নির্ভর করেছে।
আবার রঞ্জু, চৌধুরী স্যারের মতো চা পান করে। চায়ের প্রতি সে খুবই দুর্বল। যা অনুভূতিমূলক উপাদান। মনোভাবের ক্ষেত্রে অনুভূতি, ও আবেগীয় উপাদান হলো কোনো বিষয়বস্তু বা পরিস্থিতির প্রতি মতামত বা প্রতিক্রিয়া প্রদানের ক্ষেত্রে ব্যক্তির মনোদৈহিক ক্রিয়ায় সৃষ্ট এক ধরনের আবেগ। অনুভূতি ও আবেগ থেকে সৃষ্ট আবেগ কোনো বিষয়বস্তু বা পরিস্থিতির পক্ষে বা বিপক্ষে যাবার মতো ব্যক্তির মনোভাব তৈরি করে। কাজেই আবেগের ওপর ভিত্তি করেই মনোভাবের বিষয় সম্বন্ধে ব্যক্তির পছন্দ ও অপছন্দ গড়ে ওঠে।