সব চলকে সব সময় পরীক্ষণ পরিবেশ থেকে অপসারণ করা যায় না। এ সকল চলকে নিয়ন্ত্রণ করতে হলে লক্ষ রাখতে হবে যে, পরীক্ষণে অংশগ্রহণকারী সকল পরীক্ষণপাত্রের উপরই যেন এগুলো অপরিবর্তনশীলভাবে ক্রিয়াশীল থাকে। যেমন, পরীক্ষণপাত্রের প্রতি নির্দেশ একটি গুরুত্বপূর্ণ শর্ত যার উপর পরীক্ষণের ফলাফল বহুলাংশে নির্ভর করে। নির্দেশাবলি মুখে বলতে গেলে কোনো বিশেষ দিক বাদ পড়তে পারে বা বিভিন্ন পরীক্ষণপাত্রের নিকট নির্দেশাবলি বলা হুবহু একই রকম নাও হতে পারে। তাই পরীক্ষণ পরিস্থিতির অপরিবর্তনশীলতা রক্ষা করার জন্য সকল পরীক্ষণপাত্রকে একই লিখিত নির্দেশাবলি প্রদান করতে হবে। আবার পরীক্ষণের 'সময়' একটি বাহ্যিক চল এবং সময়কে বাদ দেওয়া যায় না। তাই সব পরীক্ষণপাত্রের জন্য একটি নির্দিষ্ট সময়ে পরীক্ষণ পরিচালনা করা উচিত। এমনিভাবে আলোর পরিমাণ, অন্যান্য উদ্দীপক, যন্ত্রপাতি, নির্দেশাবলি ইত্যাদি প্রসঙ্গে সব পরীক্ষণপাত্রের বেলায় সমান, অভিন্ন ও অপরিবর্তিত অবস্থা নিশ্চিত রাখা আবশ্যক।