উদ্দীপকের লতার জন্য তার বাবা-মা মনোচিকিৎসা প্রদান, সামাজিক ও পারিবারিক সহায়তা প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করতে পারেন ।
বুদ্ধি প্রতিবন্ধিতা একটি বিকাশজনিত ত্রুটি, যা সম্পূর্ণরূপে কোনো অবস্থাতেই দূর করা সম্ভব নয়। তবে সাম্প্রতিককালে এর প্রতিকারমূলক ব্যবস্থার প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। ফলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে বুদ্ধি প্রতিবন্ধিতার নির্ভরশীলতাকে অনেকাংশে হ্রাস করা যায় এবং তাদেরকে সমাজে পুনর্বাসিত করাও সম্ভব হয়। আর এ জন্য প্রতিবন্ধী ব্যক্তিকে বিভিন্ন ধরনের মনোচিকিৎসা প্রদানের পাশাপাশি, সামাজিক ও পারিবারিক সহায়তা প্রদান করা অত্যন্ত জরুরি।
লতার জন্য তার বাবা-মা বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। বুদ্ধি প্রতিবন্ধিতার সাথে কিছু শারীরিক ব্যাধি ও ত্রুটি জড়িত রয়েছে। এগুলোকে প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করে চিকিৎসার মাধ্যমে রোগের গতিকে রোধ করতে হবে। বুদ্ধি প্রতিবন্ধিতা নির্ণয়ের পর কাউন্সিলর কর্তৃক আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারকে অনুভূতি, চিন্তা, আচরণ এবং শিশুর শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসন বিষয়ে পরামর্শ গ্রহণ করতে হবে। কথা ও ভাষাগত ত্রুটি দূরীকরণের জন্য স্পিচ থেরাপি প্রদান করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিকে আত্ম-পরিচর্যা মূলক দক্ষতা যেমন- হাঁটা, খাওয়া, বসা ইত্যাদির পাশাপাশি লেখা-পড়া ও হিসাব- নিকাশের কাজ শেখাতে হবে। মানসিক প্রতিবন্ধী শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে তাদের প্রায়শ আনন্দঘন পরিবেশে খেলাধুলার ব্যবস্থা করা উচিত। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ অনেকটা উন্নতি লাভ করে।
উপরের পদক্ষেপ গুলো অবলম্বন করলে একটি স্বল্প বুদ্ধি সম্পন্ন শিশু উপযোজনশীল আচরণ করতে শিখবে।