উদ্দীপকে আলোচিত বিষয়টি হলো দুধ সংরক্ষণ। নিচে দুধ সংরক্ষণের যথার্থতা বিশ্লেষণ করা হলো-
দুধকে নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত খাদ্য হিসেবে উপযোগী রাখতে পচনমুক্ত রাখার পদ্ধতিকে দুধ সংরক্ষণ বলে। দুধ অতি সংবেদনশীল একটি পানীয় খাদ্য। এটি খুবই পুষ্টিকর কিন্তু দ্রুত পচনশীল। এতে প্রোটিন, ফ্যাট, শর্করা, মিনারেল ও ভিটামিন রয়েছে, যা ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণুর দ্রুত বৃদ্ধির উপযোগী। তাই দুধ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দুধের সংরক্ষণব্যবস্থা তেমন সহজ নয়। কারণ এর রাসায়নিক গঠনের পরিবর্তন খুব সহজে ঘটে। এটি অধিক সময় কাঁচা অবস্থায় রাখলে তার গুণগতমান ক্ষুণ্ণ' হয়। বিভিন্ন জীবাণু বিশেষ করে স্ট্রেপটোকক্কাই নামক ব্যাকটেরিয়া সাধারণ তাপমাত্রায় দুধে ল্যাকটিক এসিড উৎপন্নের মাধ্যমে দুধকে টক স্বাদযুক্ত করে ফেলে। তাই দুধকে সঠিক নিয়মে উপযুক্ত পন্থায় সংরক্ষণ করা দরকার। সংরক্ষণের মাধ্যমে প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়। দুধ সংরক্ষণের মাধ্যমে বাজারজাতকরণ সহজ হয় এবং দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব হয়। এছাড়াও সংরক্ষিত দুধ ব্যবহার করে ঘি, মাখন, পনির, দই, আইসক্রিম ইত্যাদি তৈরি করা সহজ হয়। খামারে উৎপাদিত অতিরিক্ত দুধ সংরক্ষণ করতে পারলে তা আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচা যায়।
অতএব বলা যায়, দুধ সংরক্ষণ একটি যথার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়।