উদ্দীপকে উল্লিখিত খামারের ১০টি গরুর মুখে, জিহ্বায় ও ক্ষুরে ঘা হয়। পশু খুঁড়িয়ে হাঁটে ও শক্ত কিছু খেতে পারে না। অর্থাৎ গরুগুলো ক্ষুরা রোগে আক্রান্ত। নিচে ক্ষুরা রোগে আক্রান্তের কারণ ও লক্ষণগুলো বর্ণনা করা হলো-
ক্ষুরা রোগ গবাদিপশুর এক ধরনের ভাইরাসজনিত মারাত্মক ছোঁয়াচে রোগ। পিকরনা নামের এক প্রকার ভাইরাসের কারণে এ রোগ হয়। রোগাক্রান্ত পশুর সংস্পর্শ, খাদ্যদ্রব্য, ব্যবহৃত পানি এবং অন্যান্য দ্রব্যের মাধ্যমে এ রোগের সংক্রমণ হয়। এ রোগের ফলে জিহ্বা, মুখের ভেতর, পায়ের ক্ষুরার মাঝখানে ফোস্কা ওঠে এবং পরে তা ফেটে ঘায়ের সৃষ্টি হয়। প্রাথমিক অবস্থায় আক্রান্ত প্রাণীর দেহের তাপমাত্রা ১০৪০-১০৬° ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। মুখ দিয়ে অনবরত লালা পড়ে, যার কারণে ঘাস বা অন্য কোনো খাবার খেতে পারে না। আক্রান্ত পশুর মুখ থেকে চপচপ শব্দ বের হয়। জিহ্বা দ্বারা পায়ের ঘা চাটতে থাকে। ক্ষতে মাছি পড়ে এবং তা থেকে পোকার বড় বড় শূককীট বের হয়। পায়ের খুরে ঘা হওয়াতে আক্রান্ত পশু খোঁড়াতে থাকে। অনেক সময় পা উঁচু করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। পশুতে কোষ্ঠকাঠিন্য হতেও দেখা যায়। যথাযথ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে ক্ষুরা রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।