HSCSocial Work 1st Paperসৃজনশীল
উদ্দীপক
স্বপ্নপুর এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সমস্যা রয়েছে। এ সমস্যা উত্তরণের লক্ষ্যে এলাকার সমাজ উন্নয়ন সংঘ একটি পরিকল্পনা করে। এ পরিকল্পনা বাস্তবায়নে কয়েকটি কর্মসূচি গ্রহণ করে। এ কর্মসূচি বাস্তবায়নে জোর প্রচেষ্টা চালালেও তা সফলতার মুখ দেখেনি।
ক
পরিকল্পনা কী?
উত্তর
কোনো কাজ করার পূর্বে সে সম্পর্কে যুক্তিযুক্তভাবে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াই হলো পরিকল্পনা।
খ
সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের একটি বাধা ব্যাখ্যা কর।
উত্তর
বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ আধুনিক সমাজকে ক্রমান্বয়ে জটিল থেকে জটিল করে তুলছে। যার প্রভাবে সমাজে দ্রুত পরিবর্তন ঘটছে। আর সমাজের একটি উপাদানের পরিবর্তন অন্যসব উপাদানের পরিবর্তনকে ত্বরান্বিত করছে। সমাজের দ্রুত পরিবর্তন সমাজের স্থিতিশীলতা ও সংহতিকে প্রভাবিত করে। যার কারণে পূর্বে গড়ে ওঠা কোনো পরিকল্পনা বাস্তবায়নে বাধা প্রদান করে।
গ
সমাজ উন্নয়ন সংঘ কীভাবে এলাকার উন্নয়নে একটি পরিকল্পনা প্রণয়ন করে ব্যাখ্যা কর।
উত্তর
সমাজ উন্নয়ন সংঘ কয়েকটি বিশেষ বিশেষ দিকের প্রতি লক্ষ রেখে এলাকার উন্নয়নে একটি পরিকল্পনা প্রণয়ন করতে পারে। নিচে সে সম্পর্কে ব্যাখ্যা করা হলো-
১. জনগণের চাহিদা পূরণে বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা অগাচভাট
২. প্রচলিত সামাজিক মূল্যবোধ, কৃষ্টি ও সামাজিক সংস্থার মধ্যে সংস্কার সাধন করা।
৩. জনসাধারণকে পরিবর্তিত সামাজিক অবস্থার সাথে সংগতি বিধানের জন্য সামাজিকভাবে প্রস্তুত করা।
৪. জনগণের দৃষ্টিভঙ্গি গঠনমূলক পরিবর্তন করে সামাজিক সচেতনতাবোধ সৃষ্টি করা।
৫. জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের সাথে ভারসাম্য রক্ষার জন্য সামাজিক আইন প্রণয়ন করা।
৬. সামাজিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সহায়তা করা।
৭. সমাজকল্যাণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা।
৮. উৎপাদিত পণ্যের সুষম বন্টননীতি গ্রহণ করা।
৯. নতুন মূল্যবোধ ও চিন্তাধারার প্রতি জনগণকে উৎসাহিত করা।
১০. জনকল্যাণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা।
ঘ
সমাজ উন্নয়ন সংঘের কর্মসূচি বাস্তবায়নে সফলতার মুখ না দেখার কারণ বিশ্লেষণ কর।
উত্তর
সমাজ উন্নয়ন সংঘের কর্মসূচি বাস্তবায়নে সফলতার মুখ না দেখার কারণ নিচে বিশ্লেষণ করা হলো- উপযুক্ত ও যোগ্য পরামর্শক ও সদস্য সমন্বয়ে গঠিত কমিটি গঠন করা হয়নি।
বেশিরভাগ সময় দেখা যায় দলীয় পছন্দকে ব্যক্তিগত যোগ্যতার উর্ধ্বে বিবেচনা করা হয়ে থাকতে পারে। ফলে পরিকল্পনা প্রণয়নকারী কমিটির অদূরদর্শিতা এবং অক্ষমতায় এলাকার পরিকল্পনা প্রণয়নে বাধা হয়ে দাঁড়ায়। সম্পদের অপর্যাপ্ততা, দক্ষ জনবলের অভাবে পরিকল্পনা বাস্তবায়ন হয় না। পরিকল্পনা বাস্তবায়নকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয়হীনতা পরিকল্পনা বাস্তবায়নের প্রধান অন্তরায়। এলাকার পরিকল্পনা বাস্তবায়নে সুবিধাভোগী জনগোষ্ঠী হলো এলাকার সাধারণ জনগণ। তারা যদি সামাজিক কর্মসূচিগুলোর সাথে একাত্মতা প্রদর্শন না করে তাহলেও সেসব কর্মসূচি বাস্তবায়ন লক্ষ্য অর্জন ব্যাহত হয়। যেকোনো সামাজিক পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের পূর্বশর্ত হলো জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা। অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ করা যায় জনগণের অনুভূত প্রয়োজনগুলো বিবেচনা না করে পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়। এক্ষেত্রে জনগণ সহযোগিতা না করে বিপক্ষ, শক্তি হিসেবে ভূমিকা রাখে। বাস্তবভিত্তিক জরিপ ও গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করেই পরিকল্পনা গ্রহণ করতে হয়। এ বিষয়টিতে যদি কোনো ঘাটতি থাকে তাহলেও পরিকল্পনা বাস্তবায়নে ব্যাহত হয়। পরিকল্পনা বাস্তবায়নকারী কর্তৃপক্ষের প্রশাসনিক জটিলতা, মনিটরিং ও যথাযথ তত্ত্বাবধানের দুর্বলতা, প্রয়োজনীয় অর্থের অভাব, কারিগরি সহায়তার অভাব ইত্যাদি কারণেও পরিকল্পনা ব্যর্থ হতে পারে।
অতএব উপরিউক্ত বিশ্লেষণে দেখা যায়, বহুমুখী সমস্যার ফলে কোনো এলাকার পরিকল্পনা প্রণয়ন সফল হতে পারে না। অনুচ্ছেদে বর্ণিত এলাকার সমাজ উন্নয়ন সংঘের কর্মসূচি বাস্তবায়নে সফলতার মুখ না দেখতে পারার কারণ উল্লিখিত সমস্যাসমূহ।
সম্পূর্ণ প্রশ্ন দেখো
