HSCFinance 2nd Paperসৃজনশীল
উদ্দীপক
জনাব রাহাত একটি গাড়ি কিনেছেন। সাথে সাথে তাকে তৃতীয়পক্ষের ব্যক্তিবিশেষ বা সম্পত্তির ক্ষতির জন্য পৃথক দুটি বিমা করতে হয়েছে। এই বিমাসমূহের প্রিমিয়াম কম হলেও জনাব রাহাত সম্প্রতি দুর্ঘটনায় তার মোটরগাড়ির ক্ষতি হলেও কোনো ক্ষতিপূরণ পাননি।
[সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম]
ক
শস্য বিমা কী?
উত্তর
কৃষিখাতে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নানান বিপদের হাত থেকে কৃষকদের আর্থিকভাবে সুরক্ষার জন্য যে বিমার প্রচলন ঘটেছে তাকে শস্য বিমা বলে।
খ
গবাদি পশু বিমা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কেন?
উত্তর
গবাদি পশুর মৃত্যুজনিত ক্ষতির হাত থেকে বিমাগ্রহীতাকে আর্থিকভাবে রক্ষার জন্য যে বিমা ব্যবস্থার উদ্ভব ঘটেছে তাকে গবাদি পশু বিমা বলে।
গবাদি পশু বাণিজ্যিকভাবে পালন সারাবিশ্বেই গুরুত্বপূর্ণ উপজীবিকা। এটি দুধ, দুগ্ধজাত সকল খাদ্য, মাংস ও চামড়ার প্রধান উৎস। শিল্পের ব্যাপক প্রসার ও বৈদেশিক মুদ্রার সাশ্রয়ে এটি সহায়তা করে। কেবল গবাদি পশু বিমার কারণেই গবাদি পশু মালিকদের আয়কে নিরাপদ ও নিশ্চিত করা যায়। ফলে গবাদি পশু পালনে অনেকেই আগ্রহী হয়। তাই বলা যায়, গবাদি পশু বিমা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ।
গ
উদ্দীপকে জনাব রাহাত ব্যক্তিবিশেষের ক্ষতির জন্য কোন ধরনের মোটর গাড়ি বিমা করেছেন- ব্যাখ্যা কর।
উত্তর
উদ্দীপকের জনাব রাহাত ব্যক্তিবিশেষের ক্ষতির জন্য জনদায়িত্ব বিমা করেছেন।
মোটরগাড়ির কারণে সৃষ্ট ঝুঁকি নিরসনের জন্য মোটরগাড়ি 'বিমার প্রচলন ঘটেছে। এক্ষেত্রে মোটরগাড়ি চালকের দোষে ব্যক্তিবিশেষের ক্ষতি হলে তার দায় বিমা কোম্পানির ওপর ন্যস্ত করার জন্যই জনদায়িত্ব বিমা করা হয়।
উদ্দীপকের জনাব রাহাত একটি গাড়ি কিনেছেন। সাথে সাথে তাকে তৃতীয়পক্ষের ব্যক্তিবিশেষ ও সম্পত্তির ক্ষতির জন্য পৃথক দুটি বিমা করতে হয়েছে। এক্ষেত্রে ব্যক্তিবিশেষের ক্ষতির জন্য তিনি জনদায়িত্ব বিমা করেছেন। কারণ এরূপ বিমায় কেবল ব্যক্তির ক্ষতি হলে বিমাদাবি পূরণ করা হয়। মোটর গাড়ি চালকের দোষে কোনো ব্যক্তি শারীরিকভাবে আঘাত পেলে বা আহত হলে তার দায় বর্তায় চালকের ওপর। ফলে চালককে ক্ষতিপূরণ দিতে হয়। তাই বলা যায়, ব্যক্তিবিশেষের ক্ষতির জন্য ক্ষতিপূরণের দায় বিমা কোম্পানির ওপর ন্যস্ত করার উদ্দেশ্যে জনাব রাহাত জনদায়িত্ব বিমা গ্রহণ করেছেন।
ঘ
জনাব রাহাতের বিমা করার ক্ষেত্রে কী করা উচিত ছিল বলে। তুমি মনে কর, তোমার পরামর্শ দাও।
উত্তর
উদ্দীপকের জনাব রাহাতের বিমা করার ক্ষেত্রে সার্বিক মোটর বিমাপত্র গ্রহণ করা উচিত ছিল।
সার্বিক মোটর বিমাপত্রের অধীনে অনেকগুলো মোটর ঝুঁকি অন্তর্ভুক্ত করা হয়। ফলে এরূপ বিমাপত্রে মোটরগাড়ির কারণে ব্যক্তিবিশেষের ক্ষতি হলে যেমন তার দায় বিমা প্রতিষ্ঠান নেয় তেমন গাড়ির ক্ষতি হলেও তার দায় বিমা প্রতিষ্ঠান নিয়ে থাকে।
উদ্দীপকের জনাব রাহাত একটি গাড়ি কিনেছেন। সাথে সাথে তিনি তৃতীয়পক্ষের ব্যক্তিবিশেষের ক্ষতি বা সম্পত্তির ক্ষতির জন্য পৃথক দুটি বিমা করেছেন। এভাবে পৃথক পৃথক বিমাপত্র সংগ্রহ করা গাড়ির মালিকের জন্য অসুবিধাজনক, ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।
উদ্দীপকের রাহাত বিমা করার ক্ষেত্রে সার্বিক বিমাপত্র গ্রহণ করলে তাকে পৃথক পৃথক বিমা করতে হতো না। তাছাড়া সার্বিক বিমাপত্র দুর্ঘটনা বিমা ও সম্পত্তি বিমা উভয়ের মতো। কারণ এটি যেমন স্বীয় গাড়ির দুর্ঘটনায় বিমাগ্রহীতার ঝুঁকি যেমন অন্তর্ভুক্ত করে তেমনি বিমাগ্রহীতার পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করে। এছাড়া গাড়ির দুর্ঘটনা ঘটলেও তারও ক্ষতিপূরণ বহন করে। পাশাপাশি তৃতীয় পক্ষের দায়ও অন্তর্ভুক্ত করে। ফলে একটি বিমাপত্রই অনেক ঝুঁকি আওতাভুক্ত করে। তাই বলা যায়, জনাব. রাহাতের বিমা করার ক্ষেত্রে পৃথক দুটি বিমা না করে সার্বিক বিমাপত্র গ্রহণ করা উচিত ছিল।
সম্পূর্ণ প্রশ্ন দেখো