উদ্দীপকে বর্ণিত আন্দোলনটি হলো ১৯৫২'র ভাষা আন্দোলন। এ আন্দোলনের একটা দীর্ঘ পটভূমি রয়েছে।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিকসহ সব ক্ষেত্রে পূর্ব বাংলার জনগণের অধিকার হরণ করে আসছিল। পাকিস্তানের জনগোষ্ঠীর, ৫৬.৪০ শতাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। তবুও মাত্র ৩.২৭ শতাংশ জনগোষ্ঠীর ভাষা উর্দুকে তারা একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু ছাত্র-জনতার মধ্য থেকে এর বিরুদ্ধে তীব্র- প্রতিবাদ গড়ে ওঠে। ফলে সারা দেশে এ আন্দোলন ছড়িয়ে পড়ে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা জারি করা হয় এবং সব ধরনের শোভাযাত্রা, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়। কিন্তু ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ এক পর্যায়ে গুলিবর্ষণ করে। এতে শহিদ হন সালাম, বরকত, রফিক, জব্বার এবং শ্রমিক আওয়ালসহ নাম না জানা আরো অনেকে। এ আন্দোলনই ছিল বাঙালির জাতীয়তাবাদী চেতনার ভিত্তি। পরবর্তীতে পাকিস্তানি শাসকগোষ্ঠী যতই ষড়যন্ত্র-নির্যাতন বাড়াতে থাকে ততই এ জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি পেতে থাকে, যা একপর্যায়ে বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ এনে দেয় ৷