উদ্ধৃতাংশটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়।
১৯৭১ সালের ৭ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে দিকনির্দেশনামূলক তাৎপর্যপূর্ণ ভাষণ দেন, যেটি ইতিহাসে ৭ মার্চের ভাষণ নামে খ্যাত। উদ্দীপকে এ ভাষণের উদ্ধৃতাংশের প্রতিফলন লক্ষণীয় ।
উদ্দীপকে উল্লেখিত উদ্ধৃতাংশটি হলো, “রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” এ উদ্ধৃতাংশটি বঙ্গবন্ধু তার ৭ মার্চের ভাষণে উল্লেখ করেন। ঐতিহাসিক এ ভাষণটির সুদীর্ঘ পটভূমি রয়েছে। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানিদের শোষণ, নির্যাতন ও বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছে পূর্ব বাংলার জনগণ। এ বৈষম্যের হাত থেকে মুক্তির জন্য বাঙালিরা দৃঢ় ও প্রত্যয়ী হয়ে ওঠে, যা ১৯৭০ সালের নির্বাচনের মাধ্যমে প্রকাশ পায়। এ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে বিজয়ী হয়। কিন্তু পশ্চিমা শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করে। যার ফলে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন। এ আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তিনি ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এ ভাষণে তিনি চলমান সামরিক আইন প্রত্যাহার ও সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়ার কথা বলেন। এছাড়াও এ ভাষণে তিনি গণহত্যার তদন্ত এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন। উদ্দীপকের উদ্ধৃতাংশটি বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইঙ্গিত করেছে ।