উদ্দীপকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। মুক্তিযুদ্ধে 'খ' দেশের অর্থাৎ ভারতীয় প্রচারমাধ্যম ও জনগণের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকারের পাশাপাশি ভারতীয় জনগণ তথা শিল্পী-সাহিত্যিক ও বুদ্ধিজীবীগণ বেসরকারি পর্যায়েও ব্যাপক ভূমিকা রেখেছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে সভাপতি করে ৮ এপ্রিল বাংলাদেশ-ভারত সহায়ক শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী সমিতি গঠিত হয় । ভারতের বিখ্যাত সংগীতজ্ঞ পণ্ডিত রবিশংকর আমেরিকার লস এঞ্জেলস- এ বাংলাদেশ কনসার্টের আয়োজন করে দশ লাখ ডলার ইউনিসেফকে দিয়েছিলেন শরণার্থী শিবিরের শিশুদের জন্য। মকবুল ফিদা হুসেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ছবি এঁকে বোম্বের রাস্তায় রাস্তায় ঘুরে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন শরণার্থীদের সাহায্য করার জন্য। বিকাশ ভট্টাচার্য, প্রকাশ কর্মকার, শ্যামল দত্ত রায় ও গণেশ পাইনের মতো খ্যাতিমান শিল্পীরা ফুটপাতে দাঁড়িয়ে মাসের পর মাস বাংলাদেশের ওপর ছবি এঁকে বিক্রি করেছেন এবং ছবি বিক্রির টাকা শরণার্থী শিবিরে পৌছে দিয়েছেন। অন্নদাশংকর রায়, মৈত্রেয়ী দেবী, শান্তিময় রায়, সুভাষ মুখোপাধ্যায়, প্রণব রঞ্জন রায়, তরুণ সান্যাল, অধ্যাপক দিলীপ চক্রবর্তী, নির্মল চক্রবর্তী, রমেন মিত্র প্রমুখ কবি-সাহিত্যিক ও বুদ্ধিজীবীগণ বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করেছেন ।
ভারতের জনগণের পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম সহায়ক ভূমিকা হিসেবে কাজ করেছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় মিডিয়ার শক্তিশালী ও যৌক্তিক প্রচারণার ফলে বিশ্বের মানুষ বুঝতে পারে যে, পূর্ব পাকিস্তানে যা ঘটছে তা পাকিস্তানের নিতান্তই কোনো অভ্যন্তরীণ বিষয় নয়। ভারতীয় প্রচারমাধ্যম স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যৌক্তিকতা এবং নিরীহ বাঙালির বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীর অন্যায় আক্রমণ ইত্যাদি বিষয়ে বাংলাদেশের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু তাই নয়, মুসলিম বিশ্ব এবং পশ্চিমা শক্তিবর্গকে পাকিস্তানের পর্যায়ক্রমিক অপপ্রচারের বিরুদ্ধাচরণ করা এবং বাংলাদেশের বাস্তবতা তুলে ধরার ক্ষেত্রে এবং বিশ্ব জনমত গঠনের ক্ষেত্রে ভারতের সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উদ্দীপকেও একই বিষয় লক্ষ করা যায়। 'ক' রাষ্ট্রের অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 'খ' দেশের জনগণ এবং প্রচারমাধ্যম তথা ভারতের জনগণ এবং প্রচারমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।