উদ্দীপকে উল্লেখিত তানভীর সিদ্দিকী একজন বৃক্ষপ্রেমী। তিনি তার এলাকায় ২০০ জন লোক নিয়ে ১০টি দলে বিভক্ত হয়ে রাস্তার দুই ধারে শিশু, মেহগনি, দেবদারু, তাল, পাম ইত্যাদি বৃক্ষ রোপণ ও যত্ন নেন। তানভীর সিদ্দিকী যে কাজগুলো করে থাকেন তা সামাজিক বনায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ। নিচে তা ব্যাখ্যা করা হলো-
প্রাকৃতিক বন ব্যতিরেকে বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বসতবাড়ি, রাস্তা, বাঁধ, খাস ও প্রাতিষ্ঠানিক জমিতে স্থাপিত বনকে সামাজিক বন বলে। সামাজিক বন জনগণের কল্যাণে জনগণ কর্তৃক সৃষ্ট যার ব্যবস্থাপনা, সংরক্ষণ ও ব্যবহার স্থানীয় উপকারভোগী ও জনগণ কর্তৃক সম্পাদিত হয় এবং এতে বনবিভাগ ও অন্যান্য সংস্থা কারিগরি ও আর্থিক বিষয়ে সহায়তাকারী হিসেবে কাজ করে। সামাজিক বন বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন— বসত বন, কৃষি বন, প্রাতিষ্ঠানিক বন, সড়ক ও বাঁধ বন। তানভীর সিদ্দিকীর কাজগুলো সামাজিক বনায়নের অন্তর্গত সড়কও বাঁধ বন। এ ধরনের বনায়নে প্রধানত রেইনট্রি, কড়ই, বাবলা, শিশু, আকাশমণি, অর্জুন ইত্যাদি বৃক্ষ সড়ক ও বাঁধের দুই ধারে লাগিয়ে সড়ক ও বাঁধ বন সৃষ্টি করা হয়।