উদ্দীপকে ভূগোলের একটি শাখা মানব ভূগোল সম্পর্কে বলা হয়েছে। উক্ত মানব ভূগোলের বিষয়বস্তু সম্পর্কে নিম্নে আলোকপাত করা হলো-
মানব জনসংখ্যা বিষয়ক: এখানে জনসংখ্যার অবস্থান, বণ্টন, বিন্যাস ধারা, জন কাঠামো ও গঠন বিন্যাস, মানব স্থানান্তর তথা অভিগমন, জনসংখ্যা বৃদ্ধি ও পরিবর্তন, পেশা ও কর্ম কাঠামো, মানব বসতি ও পরিবহন ইত্যাদি বিষয় নিয়ে এ অংশে আলোচনা করা হয়েছে।
পরিবেশ বিষয়ক: মানব ভূগোলের এ অংশে পরিবেশের বিশদ বর্ণনা এবং মানুষের জীবনধারণের ওপর পরিবেশের বিভিন্ন উপাদান কীভাবে প্রভাব বিস্তার করছে তা আলোচিত হয়।
অর্থনৈতিক বিষয়বস্তু: মানব ভূগোলের এ অংশে অর্থনৈতিক কর্মকাণ্ডসমূহ; যেমন- পশুপাখি শিকার, মৎস্য আহরণ, বনজ সম্পদ সংগ্রহ বিষয়ক কর্মকাণ্ড আলোচনা করা হয়।
উৎপাদনমূলক কর্মকান্ড: মানব ভূগোলের এ অংশে কৃষিকাজ, পণ্য উৎপাদন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। উত্তোলন বিষয়ক কর্মকান্ড মানব ভূগোলের এ অংশে বালি ও মাটি খনন, নুড়িপাথর উত্তোলন, তেল, কয়লা ও গ্যাসসহ বিভিন্ন খনিজ সম্পদ আহরণ ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।
সংস্কৃতি ও সভ্যতা বিষয়ক: মানুষের উৎপত্তি, বিবর্তন ও কর্মকাণ্ড অর্থাৎ নৃতাত্ত্বিক বিষয়াবলি মানবজাতির বিভিন্ন বৈশিষ্টা যেমন-দৈহিক গড়ন, গায়ের রং, চোখ ও চুলের বর্ণনা ইত্যাদি। তাছাড়া ভাষা, জীবাশ্ম তত্ত্ব, প্রত্নতত্ত্ব, শিলালিপি, সংস্কৃতির ধরন, সাংস্কৃতিক জগৎ, বিনোদন প্রভৃতি বিষয়গুলো মানব ভূগোলের বিষয়বস্তু হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সমাজ ও রাজনীতি বিষয়ক: শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, কর্মসংস্থান ও বেকারত্ব, সামাজিক রীতিনীতি, ধর্মীয় ও জাতিগত, রাষ্ট্র ও সমাজব্যবস্থা, রাষ্ট্রীয় সহযোগিতা, জাতিগত বিন্যাস, রাষ্ট্র জোট ব্যবস্থা ও আন্তর্জাতিক সংস্থাসহ জাতিসংঘ প্রভৃতি যাবতীয় বিষয় মানব ভূগোলের বিষয়বস্তু হিসেবে অন্তর্ভুক্ত।
সুতরাং উপরোল্লিখিত প্রতিটি বিষয়ই মানবীয় বিষয়ের অন্তর্ভুক্ত অর্থাৎ মানব সম্পৃক্ত; যা প্রকৃতি ও পরিবেশের মধ্যে অনেক বৈচিত্র্যতা এনে দেয়, এগুলো মানব ভূগোলের বিষয়বস্তু হিসেবে পরিগণিত হয়।