খুলাফায়ে রাশেদিনের খলিফা হযরত ওমর (রা)-এর রাষ্ট্র পরিচালনার সাথে উদ্দীপকে উল্লেখিত উপদেষ্টা পরিষদের সামঞ্জস্য আছে ।
খলিফা ওমর (রা) ছিলেন প্রজাদরদি শাসক। খিলাফতের কাজের যেকোনো বিষয়ে তিনি জনগণের মতামতের বিষয়টিতে গুরুত্বের সাথে প্রাধান্য দিতেন । জনগণের ইচ্ছাই শাসনক্ষমতার মূলমন্ত্র-এই নীতির ওপর অটল থেকে আল্লাহ ও রাসুলের বিধান অনুযায়ী ওমর (রা) খিলাফত পরিচালনা করেছেন । উদ্দীপকের শাসনব্যবস্থার ক্ষেত্রেও এমনটি লক্ষণীয়।
উদ্দীপকে দেখা যায়, নবগঠিত টোগো রাষ্ট্র যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য সেখানে রাষ্ট্রপ্রধান তার শাসন কার্যের স্বচ্ছতা ও নাগরিক সুযোগ- সুবিধা নিশ্চিত করার জন্য সচেষ্ট হন। এ লক্ষ্যে তিনি রাষ্ট্রের যোগ্য লোকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেন। উক্ত পরিষদ রাষ্ট্রপ্রধানকে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মকাণ্ডে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। উদ্দীপকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার কথা বলা হয়েছে। এ ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান তার সিদ্ধান্ত কারও ওপর চাপিয়ে দেবেন না । এজন্য রাষ্ট্রপ্রধান পরামর্শ গ্রহণের লক্ষ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন। খলিফা ওমর (রা)-এর ক্ষেত্রেও এমনটি চোখে পড়ে। তিনি ঘোষণা করেন যে, “পরামর্শ ছাড়া কোনো খিলাফত চলতে পারে না।” তাই তিনি জনসাধারণের ইচ্ছানুযায়ী শাসনকার্যাদি পরিচালনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মন্ত্রণা পরিষদ গঠন করেন। এটাই 'মজলিশ-উস-শুরা' নামে পরিচিত। এই পরিষদ আবার দুভাগে বিভক্ত ছিল, যথা— মজলিশ-উল-আম এবং মজলিশ-উল-খাস। রাসুল (স)-এর সাহাবিগণ, মদিনার বিশিষ্ট নাগরিক এবং বিশিষ্ট বেদুইন প্রধানগণকে নিয়ে মজলিশ-উল-আম গঠিত হতো। মদিনার মসজিদে এর অধিবেশন অনুষ্ঠিত হতো। এজন্য অধিবেশনকালে মসজিদে উপস্থিত যে কোনো মুসলমান মজলিশ-উল-আমের আলোচনায় অংশগ্রহণ করতে পারত। দৈনন্দিন কার্যাদি সম্পাদনের জন্য খলিফা মজলিশ-উল-খাসের পরামর্শ গ্রহণ করতেন। অতি অল্পসংখ্যক বিশিষ্ট মোহাজিরীন নিয়ে মজলিশ-উল-খাস গঠিত ছিল। হযরত আলি, ওসমান, তালহা, যুবায়ের প্রমুখ সদস্যের সমন্বয়ে এটা গঠিত ছিল। কর্মচারী, সৈনিক, শাসনকর্তা, বিচারক প্রভৃতি নিয়োগ ও বদলি ইত্যাদি রাষ্ট্রের খুঁটিনাটি ব্যাপারে খলিফা মজলিশ-উস-শুরার মতামত গ্রহণ করতেন এবং সে মোতাবেক শাসন কার্যাদি পরিচালনা করতেন। খলিফা ওমর (রা) নিজের ইচ্ছানুযায়ী কিছুই করতেন না। সুতরাং দেখা যায়, খলিফা ওমর (রা)-এর রাষ্ট্র পরিচালনার সাথে উদ্দীপকের রাষ্ট্র পরিচালনার সাদৃশ্য আছে।