নাগরিক অধিকার সুরক্ষায় উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ সনদ তথা মদিনা সনদের ভূমিকা অপরিসীম।
মদিনা সনদের মাধ্যমে মদিনা রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং সকল বৈষম্যের অবসান ঘটিয়ে ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ সমাজ গঠন করা হয়। মদিনা সনদে মদিনায় বসবাসরত মুসলিম, ইহুদি, খ্রিষ্টান, পৌত্তলিকসহ সকল ধর্মের লোকদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা হয়। এ সনদে বলা হয় মদিনায় অবস্থানরত সকল ব্যক্তি স্ব-স্ব ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং কেউ কারও ধর্ম পালনের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। যে ঘোষণার মাধ্যমে পৃথিবীর সকল ধর্মের মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করা হয়। বংশীয় মর্যাদা ও ধনসম্পদের কারণে মানুষকে মর্যাদা না দিয়ে মানুষকে মানুষ হিসেবে মর্যাদাদানের ঘোষণা এ সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তাছাড়া এ সনদের মাধ্যমে মদিনাকে নিরাপদ শহর হিসেবে ঘোষণা করে সকল নাগরিক মিলে একটি জাতি গঠন করা। এ সনদের ইহুদিদের বানু হারিস গোত্রের জন্য যে শর্ত দেওয়া হয় তা বানু সায়িদা, বানু জুশাম ও বানু আউস গোত্রের জন্যও প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়। ধর্ম পালনের অধিকার ছাড়া বিশ্বাসঘাতকতার জন্য সমান শাস্তি এবং অত্যাচারিত সকলের জন্য সমান সহযোগিতার নীতি এ সনদে গৃহীত হয়। পরিশেষে বলা যায়, মদিনা সনদের মাধ্যমে মুসলিম, ইহুদি, খ্রিষ্টান, পৌত্তলিকসহ সকল ধর্মের নাগরিকদের অধিকার সংরক্ষণের যে ব্যবস্থা গ্রহণ করা হয় তা যথার্থ ও একটি অনুকরণীয় দৃষ্টান্ত।