মনোবিজ্ঞানের পরিধি হিসেবে উদ্দীপকের "গ" অংশটি জৈব সামাজিক প্রক্রিয়াকে নির্দেশ করে। নিচে জৈব সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো-
মানুষ বা প্রাণী জৈবিক ঘটনাবলি দ্বারা প্রভাবিত। প্রাণীর জৈবিক ঘটনাবলি যেমন- শারীরিক গঠন, জৈব-রাসায়নিক উপাদান, প্রভৃতি এক বিশেষ ভূমিকা পালন করে। আমাদের দেহের অভ্যন্তরে এমন কতগুলো গ্রন্থি আছে যেগুলো দেহের গঠন, বুদ্ধির বিকাশ, দেহের সুস্থতা, কার্যক্ষমতা এবং আমাদের ব্যক্তিত্বের উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করে। আমাদের আচরণ নিয়ন্ত্রণে অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই গ্রন্থিগুলো শরীরের বৃদ্ধি, মানসিক বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ প্রভৃতি প্রয়োজনীয় কাজ করে।
আবার অন্যদিকে মানুষ সামাজিক জীব। মানুষ সমাজে বসবাস করে। একজন মানুষের আচরণ যেমন অন্য জনের আচরণকে প্রভাবিত করে তেমনি অন্যের আচরণ দ্বারাও সে প্রভাবিত হয়। কোনো সমাজের রীতিনীতি, কৃষ্টি ও অর্থ- সামাজিক অবস্থা সে সমাজের মানুষের আচরণকে প্রভাবিত করে। জৈবিক ঘটনাবলি মানব আচরণ নিয়ন্ত্রণে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেমনি সামাজিক রীতিনীতি, কৃষ্টি প্রভৃতির ভূমিকা কোনো অংশে কম নয়। তাই বলা যায় মনোবিজ্ঞানের পরিধিতে জৈব সামাজিক প্রক্রিয়া বিশেষ গুরুত্বপূর্ণ।