উক্ত সমস্যা থেকে মুক্তির জন্য অর্থাৎ অটিজম আক্রান্ত শিশুদেরকে সহায়তা প্রদানে এবং অটিজম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে একজন সমাজকর্মী সমাজকর্মের জ্ঞান কাজে লাগাতে পারেন।
আমাদের সমাজে অধিকাংশ মানুষই অটিজম সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখে না। এর ফলে অটিজম আক্রান্তরা সমাজে নানা ধরনের বৈষম্য ও প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। যখন তাদের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্ন ও ভালোবাসা তখন তারা উপেক্ষিত হয় এবং উপহাসের মুখে মানবেতর জীবনযাপন করে। তাই এ সমস্যা মোকাবিলায় একজন সমাজকর্মীকে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করতে হবে।
অটিস্টিক শিশুদের সমস্যাগুলো কখনোই পুরোপুরি দূর করা সম্ভব নয়। যেটি সম্ভব তা হলো নিবিড় পরিচর্যা ও যত্নের মাধ্যমে তার অক্ষমতা কমিয়ে আনা, যথাযথ সহযোগিতা ও বিশেষ শিক্ষা দিয়ে পরিণত বয়সে তাদেরকে আত্মনির্ভর করা। আর এক্ষেত্রে একজন সমাজকর্মী নানা পদক্ষেপ নিতে পারেন। অটিস্টিক শিশুদের অনুভূতি, উদ্দীপনা, সংবেদ ইত্যাদি ক্ষেত্রে সমন্বয়ের সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে সমাজকর্মীরা পেশাগত থেরাপির ব্যবস্থা করতে পারেন। তাছাড়া সমাজকর্মীরা অটিস্টিক শিশুদের পুনর্বাসন, তাদের পক্ষে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং বিশেষ প্রতিষ্ঠান নির্মাণে ভূমিকা রাখতে পারেন।
পরিশেষে বলা যায়, অটিজম সমস্যার সমাধানে সমাজকর্মীদের ভূমিকা অত্যন্ত ব্যাপক।