উদ্দীপকে বৃদ্ধনিবাসের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যেটি সমাজকর্মের অন্যতম শাখা প্রবীণকল্যাণের সাথে সংশ্লিষ্ট।
বয়স বাড়ার সাথে সাথে দারিদ্র্য, অনাহার, অনাদর, অবহেলা, বিদ্রুপ, মানসিক নির্যাতন, প্রতারণা আর শারীরিক নানা ধরনের বাধা-বিপত্তি ব্যক্তিকে বিপর্যস্ত করে তোলে। এসব সমস্যার সমাধান ও প্রবীণদের জন্য সুস্থ, সুন্দর এবং নিরাপদ পারিবারিক ও সামাজিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রবীণকল্যাণ সমাজকর্মের উৎপত্তি হয়েছে। উদ্দীপকে এই শাখার কার্যক্রমের প্রতিফলন ঘটেছে।
প্রথাগতভাবে প্রবীণদের দেখাশোনার দায়িত্ব পরিবারের ওপর ন্যস্ত ছিল। কিন্তু যান্ত্রিক ও ভোগবাদী যুগে ব্যাপক শিল্পায়ন ও নগরায়ণের ফলে যৌথ পরিবার ব্যবস্থা বা পারিবারিক বন্ধন ধীরে ধীরে শিথিল হয়ে পড়ছে। আবার চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি মৃত্যুহার কমিয়ে দেওয়ায় অন্যের ওপর নির্ভরশীল বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সমাজের এই অংশের আর্থ-মনো-সামাজিক অবস্থার উন্নয়নে সরকারি- বেসরকারি পর্যায়ে নানা ধরনের কর্মসূচি রয়েছে। এর অন্যতম হলো বৃদ্ধনিবাস। মূলত উন্নত দেশের ধারণা হলেও সাম্প্রতিককালে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও ধীরে ধীরে এটি পরিচিতি পাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে সরকার ও বিভিন্ন এনজিওর পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও বৃদ্ধনিবাস গড়ে উঠছে। এ প্রতিষ্ঠানগুলো প্রবীণদের শারীরিক-মানসিক সুস্থতা ও আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেয়। উদ্দীপকের রবিন তেমনই একটি বৃদ্ধনিবাসে বাবাকে পাঠিয়েছে। কাজের ব্যস্ততার কারণে তার পক্ষে সবসময় অবসরপ্রাপ্ত বাবার খোঁজ নেওয়া সম্ভব হয় না। প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে বাবার সাথে ভুল বোঝাবুঝিও হয়। এক পর্যায়ে রবিন তাই বাবাকে বেসরকারি একটি বিশেষায়িত প্রতিষ্ঠান অর্থাৎ বৃদ্ধনিবাসে পাঠিয়ে দেয়। প্রতিষ্ঠানটি রবিনের বাবার মতো প্রবীণদের থাকা, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করে। তাই বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠান অর্থাৎ বৃদ্ধনিবাস প্রবীণকল্যাণ সমাজকর্মের কার্যক্রমের আওতাভুক্ত।