উদ্দীপকে সামাজিক সংস্থা কারিতাস বাংলাদেশ এবং এর সমাজসেবা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। উদ্দীপকের আলোকে সামাজিক সংস্থার কিছু কার্যক্রম পরিলক্ষিত হয়। সেগুলো নিম্নরূপ-প্রথমত, সামাজিক সংস্থার কাজ বিভিন্ন সমাজেসেবামূলক কর্মকান্ড পরিচালনা করা। এ ধরনের সংস্থাগুলো বিভিন্ন শ্রেণির মানুষের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতে কাজ করে। উদ্দীপকে বলা হয়েছে, আইলা, সিডরের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় কারিতাস। সংস্থাটি এলাকার বাস্তব অবস্থা পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্তদের চাহিদা নিরূপণ করে এবং ত্রাণ বিতরণ, পুনর্বাসন ও অবাকঠামো পুনর্নির্মাণের ব্যবস্থা করে। দ্বিতীয়ত, বস্তুগত ও অবস্তুগত সহায়তা প্রদান করা সামাজিক সংস্থার অপর একটি কাজ। উদ্দীপকের সামাজিক সংস্থাটি দুর্যোগে আক্রান্তদের খাদ্য, আশ্রয়, পোশাক, ওষুধসহ অন্যান্য জরুরি বস্তুগত সামগ্রী প্রদান করে থাকে। পাশাপাশি মানসিক ও সামাজিক সহায়তা দেয়, যাতে ক্ষতিগ্রস্তরা মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে। উদ্দীপকেও দেখা যায়, কারিতাস বাংলাদেশ, শুধু বস্তুগত সহায়তাই নয়, বরং অবস্তুগত সহায়তা নিয়েও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়। তৃতীয়ত, সামাজিক সংস্থা বাস্তব চাহিদার ভিত্তিতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করে। এজন্য কর্মসূচি গ্রহণের পূর্বেই দুর্যোগে আক্রান্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে থাকে। উদ্দীপকের জনাব স্বপন বিভিন্ন এলাকা পরিদর্শনপূর্বক বাস্তব পরিস্থিতি বুঝে কার্যকরী কর্মসূচি গ্রহণ করে। চতুর্থত, সামাজিক সংস্থাগুলো দাতব্য অর্থায়নের মাধ্যমে কার্যক্রম চালিয়ে থাকে। উদ্দীপকে দেখা যায়, কারিতাস বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করে। এটি প্রমাণ করে সামাজিক সংস্থাগুলো দাতব্য অর্থায়নের মাধ্যমে কার্যক্রম চালিয়ে থাকে।সুতরাং এটি প্রমাণ করে, সামাজিক সংস্থাগুলো বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।