উদ্দীপকের ইঙ্গিতকৃত প্রতিষ্ঠান তথা শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের ভূমিকা অনেক গুরুত্ব বহন করে।
শহর সমাজসেবা মূলত আধুনিক যুগোপযোগী ও পেশাভিত্তিক সেবামূলক কর্মসূচি, যার দ্বারা টেকসই আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হয়। অন্যভাবে বলতে গেলে, শহর সমাজসেবা বলতে শহর এলাকায় সামঞ্জস্যপূর্ণ এমন এক উন্নয়নমূলক পদক্ষেপকে বোঝায়, যেখানে সরকার ও শহরের জনগণের যৌথ উদ্যোগে তাদের সমস্যা সমাধান, চাহিদা পূরণ ও উন্নয়ন ত্বরান্বিত হয়।
শহর সমাজসেবা বাস্তবায়নে, শহর সমাজসেবা কর্মকর্তা ও সমাজকর্মী ভূমিকা পালন করে থাকে। তবে স্থানীয় জনগণের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণ শহরবাসী ও শহরের সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সাথে সমাজকর্মী ও শহর সমাজসেবা কর্মীর মাঝে সমন্বয় সাধন করে থাকে। এক্ষেত্রে সমস্যাগ্রস্ত ব্যক্তি বা দলকে শহর সমাজসেবার আওতাভুক্ত করে। তাদের সমস্যা ও সম্পদ নির্ণয় করে রিপোর্ট পেশ করতে পারে। বঞ্চিত বস্তিবাসীদেরকে উন্নয়নের অন্তর্ভুক্তকরণ । পারস্পরিক সৌহার্দ ও সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করে। শহরের নতুন কোন সমস্যা সম্পর্কে সকলকে অবহিত ও সতর্ক করতে পারে। ব্যক্তি ও দলের পরিবেশ, শারীরিক মানসিক, আর্থিক অবস্থা বিবেচনা করে তাদের সর্বোচ্চ কল্যাণ সাধন করতে পারে। স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টা ও সমবেত সিদ্ধান্তের মাধ্যমে সমস্যাগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা সম্ভব হয়ে উঠে।
পরিশেষে বলা যায়, শহর এলাকায় সকলের অংশগ্রহণের মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দলকে শহর সমাজসেবার আওতাভুক্তকরণ, সচেতনতা সৃষ্টি ও সার্বিক কল্যাণ সাধনে স্থানীয় জনগণ শহর সমাজসেবা কর্মসূচি ও সমাজকর্মীর মাঝে যোগসূত্র রচনা করে। সুতরাং উদ্দীপকের কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের ভূমিকা কোন অংশে কম নয়।