উদ্দীপকে উল্লিখিত তিনটি নীতি ছাড়াও রেডক্রিসেন্ট সোসাইটির আরও কিছু নীতি রয়েছে যার মাধ্যমে প্রতিষ্ঠানটি সারাবিশ্বে নানা কার্যক্রম পরিচালনা করে।
প্রতিষ্ঠার পর থেকেই রেডক্রিসেন্ট সোসাইটি সারা বিশ্বের অসহায়, দুস্থ, পীড়িত ও বিপদাপন্ন মানুষের অবস্থার উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে প্রতিষ্ঠানটি কিছু সুনির্দিষ্ট নীতি অনুসরণ করে থাকে। এ সকল নীতির মধ্যে মানবতা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতার নীতির উল্লেখ আমরা উদ্দীপকে লক্ষ করি।
রেডক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী মানুষের দুঃখ দুর্দশা লাঘবে মোট সাতটি নীতি অনুসরণ করে থাকে। উদ্দীপকে উল্লিখিত তিনটি নীতির সাথে যে সকল নীতি রয়েছে সেগুলো হলো- স্বাধীনতা, সর্বজনীনতা, একতা ও স্বেচ্ছামূলক। এই সকল নীতি অনুসরণের মধ্য দিয়েই আন্তর্জাতিক রেডক্রিসেন্ট সোসাইটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে কাজ করে চলেছে। নীতিগুলো পর্যালোচনা করলে দেখা যায়, প্রতিষ্ঠানটি সারাবিশ্বের অসহায়, নিপীড়িত ও দুস্থ মানুষদের কল্যাণ সাধনের ওপরই অধিক গুরুত্ব আরোপ করেছে। এজন্যই মানবতা, পক্ষপাতহীনতা ও নিরপেক্ষতার নীতিতে প্রতিষ্ঠানটি কাজ করে। তাছাড়া সংস্থাটি স্বাধীনতা, সর্বজনীনতা ও ঐক্যের নীতিতে বিশ্বাসী। এই নীতিগুলোর আলোকে প্রতিষ্ঠানটি স্বেচ্ছামূলক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে সারা বিশ্বেই অসহায় ও ভাগ্যাহত মানুষের সেবা করছে।
পরিশেষে বলা যায়, আলোচ্য নীতিসমূহ আন্তর্জাতিক রেডক্রিসেন্ট সোসাইটির সাফল্যের অন্যতম অনুঘটক।