বাংলাদেশের প্রেক্ষিতে আর্তমানবতার সেবায় রেডক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুদ্ধ, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি দুর্যোগময় মুহূর্তে রেডক্রিসেন্ট সোসাইটি কতগুলো নিয়মিত কার্যক্রম পরিচালনা করে। এসব কার্যক্রমের মাধ্যমে রেডক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশে দুর্যোগ মোকাবিলা ও আর্থ- সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
বন্যা, খরা, ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের সময় রেডক্রিসেন্ট সোসাইটি বিরূপ পরিস্থিতি মোকাবিলা করার জন্য নানা ধরনের ত্রাণ সহায়তা প্রদান করে। আবার, স্বাস্থ্যের মান উন্নয়ন ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি প্রাথমিক স্বাস্থ্য ও রক্তদান কর্মসূচি পরিচালনা করে থাকে। জরুরি সম্পূরক খাদ্য সংস্থান নামে রেডক্রিসেন্ট সোসাইটি তাদের খাদ্য কর্মসূচি পরিচালনা করে। উদ্বাস্তু, অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য বিতরণ এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। এছাড়া যুবক ও কিশোরদের মধ্যে মানবতাবোধ জাগিয়ে তোলার জন্য এবং তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের যুব রেডক্রিসেন্ট কার্যক্রমে যোগদানের ব্যবস্থা করা হয়ে থাকে। ১৯৭৫ সাল থেকে সংস্থাটি বাংলাদেশে এ কার্যক্রম চালিয়ে আসছে। এ প্রতিষ্ঠানটি ঢাকায় একটি এতিমখানা পরিচালনা করছে। এখানে ১০০ এতিমের রক্ষণাবেক্ষণ, লালন- পালন ও পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে।
উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, বাংলাদেশের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনায় রেডক্রিসেন্ট সমিতির ভূমিকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকার গৃহীত বিভিন্ন ত্রাণ ও পুনর্বাসনমূলক কার্যক্রমে সহায়ক ও পরিপূরক ভূমিকা পালন করছে রেডক্রিসেন্ট সোসাইটি।