চিকিৎসা শুধু শারীরিক সুস্থতা অর্জনের প্রক্রিয়া নয়, এটি রোগীর মানসিক, সামাজিক ও অর্থনৈতিক দিকগুলোর সাথেও জড়িত। হাসপাতাল সমাজসেবা অফিসাররা চিকিৎসাসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ, যারা রোগীদের সার্বিক কল্যাণ নিশ্চিতে কাজ করেন।উদ্দীপকের রাহেলা একজন সমাজসেবা অফিসার হিসেবে তার আন্তরিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে তিনি চিকিৎসাসেবার অপরিহার্য অংশ হয়ে ওঠেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিক চাপ ও দুশ্চিন্তায় ভোগেন। জনাব রাহেলা তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করেন, যা সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। তিনি চিকিৎসক ও রোগীর মধ্যে যোগাযোগের সেতুবন্ধন তৈরি করে। অনেক সময় রোগীরা চিকিৎসদের কাছে নিজেদের সমস্যাগুলো ঠিকভাবে প্রকাশ করতে পারেন না বা চিকিৎসা সংক্রান্ত তথ্যগুলো তাদের বুঝতে অসুবিধা হয়। জনাব রাহেলা রোগীদের হয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন এবং রোগীদেরকে অবহিত করেন, যা চিকিৎসা কার্যক্রমকে আরও কার্যকর করে। তিনি রোগীদের আস্থা অর্জন ও স্বাচ্ছন্দ্যবোধ সৃষ্টি করেন। তার আন্তরিক আচরণের ফলে রোগীরা তাদের সমস্যাগুলো নির্ভয়ে প্রকাশ করতে পারেন। রোগীরা যদি খোলামেলা তাদের অসুবিধার কথা বলতে পারেন, তাহলে চিকিৎসা আরও সহজ ও সফল হয়। এর পাশাপাশি তিনি চিকিৎসা প্রক্রিয়ার সমন্বয় সাধন করেন। হাসপাতালের বিভিন্ন বিভাগ, চিকিৎসক, নার্স এবং অন্যান্য সহায়তাকারী কর্মীদের সঙ্গে সমন্বয় করে রোগীদের চিকিৎসা দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করতে সাহায্য করেন। আর এভাবেই জনাব রাহেলা চিকিৎসাসেবায় অপরিহার্য মাধ্যম হয়ে ওঠেন।