উদ্দীপকের চিত্রে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা হলো মৌল মানবিক চাহিদা। মৌলিক মানবিক চাহিদা বলতে মানুষের জীবনের, জন্য অপরিহার্য প্রয়োজনীয় উপকরণসমূহকে বোঝায়। যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন। এই মৌলিক মানবিক চাহিদাগুলো মানুষকে একটি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করে। মৌলিক চাহিদার কতিপয় বৈশিষ্ট্য রয়েছে।প্রথমত, মৌলিক চাহিদা অপরিবর্তনীয়। সময়, স্থান ও বা পরিস্থিতির পরিবর্তন হলেও মৌলিক চাহিদাগুলো অপরিবর্তনীয় থাকে। দ্বিতীয়ত, মৌলিক চাহিদা সর্বজনীন। সকল মানুষ, সমাজ ও ,সংস্কৃতির জন্য মৌলিক চাহিদা অভিন্ন। তৃতীয়ত, সমাজ ও সভ্যতা বিকাশে মৌলিক মানবিক চাহিদা অপরিহার্য। কেননা শিক্ষা, বস্ত্র, আবাসন ইত্যাদি ব্যতীত সভ্যতা কল্পনা করা যায় না। চতুর্থত, মৌলিক মানবিক চাহিদা পরিপূরণের সুযোগ সমাজে শান্তি, স্থিতিশীলতা ও শৃঙ্খলা আনয়ন করে। অন্যদিকে, এর অপূরণজনিত কারণে সমাজে বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হয়।উপর্যুক্ত বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করে বলা যায়, মানবজীবনে মৌলিক মানবিক চাহিদা পূরণের গুরুত্ব অপরিসীম।