"উদ্দীপকের সুমনার মা এবং 'মমতাদি' গল্পের খোকার মা দুজনই সম্মান ও সহমর্মিতা নিয়ে গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছেন।"- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
'মমতাদি' গল্পে খোকার মা অত্যন্ত মানবিকবোধসম্পন্ন মানুষ। মমতাদি অভাবের তাড়নায় তাদের বাসায় গৃহকর্মীর কাজ নেয়। গৃহকর্ত্রী হিসেবে খোকার মা মমতাদির সাথে সৌহার্দপূর্ণ আচরণ করেছেন। গৃহকর্মী তথা কাজের মেয়ে বলে তাকে মোটেও অবজ্ঞা বা অবহেলা করেননি। তার ছোটো ছেলেটিকে মমতাদি আদর-স্নেহ করলে তিনি বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেছেন। মমতাদিকে নিজের পরিবারের আপনজন হিসেবে গ্রহণ করেছেন। এতে গৃহকর্ত্রীর উদারমনার পরিচয় পাওয়া যায়। গৃহকত্রী সম্মান ও সহমর্মিতা নিয়ে মমতাদির পাশে দাঁড়িয়েছেন।
উদ্দীপকের পাতার মা সুমনাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করে। প্রায় ষোলো বছর যাবত সে উক্ত কাজে নিয়োজিত রয়েছে। সুমনাকে সে ছোটোবেলা থেকেই আদর-স্নেহ ও মায়া-মমতা দিয়ে বড়ো করেছে। দীর্ঘদিন সুমনাদের বাসায় অবস্থান করায় পাতার মা যেন সুমনাদের পরিবারের সদস্য হয়ে গেছে। বিশেষ করে সুমনার মা পাতার মায়ের প্রতি বিশেষ সহানুভূতি প্রদর্শন করেন। এজন্য পাতার মা সুমনাদের সুখে-দুঃখে নিজেকে জড়িয়ে রেখেছে। সুমনার মা যেন পাতার মাকে সহমর্মিতা দিয়ে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছেন।
পরিশেষে উদ্দীপক ও 'মমতাদি' গল্পের আলোকে বলা যায়, উভয় স্থানেই দুজন গৃহকর্ত্রী তাদের গৃহকর্মীর প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করেছেন। তারা গৃহকর্মীর পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন। 'মমতাদি' গল্পের গৃহকর্ত্রী মমতাদির প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করে উদারমনার পরিচয় দিতে সক্ষম হয়েছেন। অপরদিকে উদ্দীপকের সুমনার মা তার গৃহকর্মীর প্রতি একই আচরণ করেছেন। সুমনার মা পাতার মাকে নিজ পরিবারের সদস্য মনে করেছেন। গৃহকর্মী হিসেবে পাতার মাকে অনাদর-অবহেলা বা কোনো রূঢ় আচরণ করেননি। তাই আমরা বলতে পারি, উদ্দীপকের সুমনার মা এবং 'মমতাদি' গল্পের খোকার মা দুজনই সম্মান ও সহমর্মিতা নিয়ে গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছেন।