উদ্দীপকে সুমনের শারীরিক পরিবর্তনের মূলে প্রভাব বিস্তারকারী স্নায়ুতন্ত্র - হলো সমবেদী স্নায়ুতন্ত্র । নিচে সমবেদী স্নায়ুতন্ত্রের বিবরণ দেওয়া হলো—
'সমবেদী স্নায়ুতন্ত্র বক্ষদেশ ও কটিদেশের স্বয়ংক্রিয় স্নায়ু নিয়ে গঠিত। এ বিভাগের স্নায়ুগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এরা হলো উত্তেজক (Excitatory)। মেরুদণ্ড থেকে বের হয়ে সমবেদী স্নায়ুসমূহ হৃৎপিণ্ড, ফুসফুস, গ্রন্থি, অন্ত্র, পেশি প্রভৃতিতে গিয়ে পৌঁছেছে ।
সমবেদী স্নায়ুতন্ত্রের প্রধান কাজ হচ্ছে, জীবকে জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত করা। সমবেদী স্নায়ুতন্ত্র দেহ শক্তিকে পরিচালনা করে কাজে লাগিয়ে থাকে। এর কার্যাবলি নিম্নরূপ :
১. হৃৎপিণ্ডের ক্রিয়া বেড়ে যায়, ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায়।
২. শ্বাসযন্ত্রের ক্রিয়া বাড়িয়ে দেয় ।
৩. পরিপাক ক্রিয়ার পথে বাধার সৃষ্টি করে।
৪. রক্তের চাপ বাড়িয়ে দেয় ।
৫. চোখের মণিকে বড় করে ।
৬. ঘর্মের মাধ্যমে শরীরের দূষিত পদার্থ বের করে দেয় ।
৭. এর সক্রিয়তার জন্য এড্রিনালিন হরমোন নিঃসৃত হয়, ফলে যকৃৎ থেকে রক্তে বেশি পরিমাণের শর্করা নির্গত হয় ।
৮. শরীরের লোম খাড়া করে ।