উদ্দীপকের 'ক' ও 'খ' অঞ্চল যথাক্রমে যুক্তরাষ্ট্র ও জাপান। দুটি দেশই শিল্পোন্নত কিন্তু দেশ দুটির শিল্পের প্রকৃতি এক নয় ।
যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যতম শিল্পপ্রধান দেশ এবং স্থানীয় কাঁচামালের উপর ভিত্তি করে এখানে অধিকাংশ শিল্পগুলো গড়ে উঠেছে। যেমন- টেক্সটাইল, পরিবহন ও ইলেকট্রনিক্স শিল্প। এক্ষেত্রে তাদের মেধাসম্পন্ন দক্ষ জনশক্তিও নিয়ামক শক্তিরূপে কাজ করেছে। আবার শক্তি সম্পদের প্রাপ্তির উপর নির্ভর করে লৌহ ও ইস্পাত শিল্পের মতো ভারি শিল্প গড়ে উঠেছে। মূলত দেশটিতে ভূমি, অরণ্য, কৃষিজ, খনিজ দ্রব্য কোনো উপকরণের অভাব নেই। সামগ্রিকভাবে তাই দেশটি শিল্পক্ষেত্রে নেতৃস্থানীয়।
অন্যদিকে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শিল্পে বিস্ময়কর উন্নতি লাভ করেছে। স্থানীয় কাঁচামাল না থাকা সত্ত্বেও বন্দরের সুবিধাকে কাজে লাগিয়ে তারা আমদানিকৃত কাঁচামালের উপর নির্ভর করে ভারী শিল্পে উন্নতি লাভ করেছে। যেমন- লৌহ ও ইস্পাত শিল্প, জাহাজ নির্মাণ শিল্প। এছাড়া বস্তু বয়ন ও কাগজ, ইলেকট্রনিক্স প্রভৃতি শিল্পেও জাপান উন্নতি লাভ করেছে। যন্ত্রশিল্পের সাথে দেশটি কুটির শিল্পেও উন্নত ।
সুতরাং দেখা যায়, শিল্পক্ষেত্রে যুক্তরাষ্ট্র উৎপাদনের প্রতিটি পর্যায়ে স্বয়ংসম্পূর্ণ। অন্যদিকে জাপান শিল্পের কাঁচামাল এবং জ্বালানি সংগ্রহে অনেকক্ষেত্রে আমদানি নির্ভর। যদিও দুটি দেশেই জনশক্তি, প্রযুক্তিগত দক্ষতা এবং বিনিয়োগের প্রাচুর্য রয়েছে।