উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটি হলো লৌহ ও ইস্পাত শিল্প এবং দেশ দুটি হলো চীন ও যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে উভয় দেশের ভূমিকা বিশ্লেষণ করা হলো:
চীন বিশ্বের বৃহত্তম লৌহ ও ইস্পাত উৎপাদক এবং ভোক্তা। চীন বিশ্বের মোট ইস্পাত উৎপাদনের অর্ধেকেরও বেশি উৎপাদন করে। এর ফলে বিশ্ববাজারে ইস্পাতের যোগান ও দামের ওপর তাদের ব্যাপক প্রভাব রয়েছে। নিজেদের বিশাল ইস্পাত শিল্পকে সচল রাখতে চীনে প্রচুর পরিমাণ লৌহ আকরিকের প্রয়োজন হয়। ২০২৩ সালে চীন ১.১৮ বিলিয়ন মেট্রিক টন লৌহ আকরিক আমদানি করে। অস্ট্রেলিয়া ও ব্রাজিল চীনের প্রধান লৌহ আকরিক সরবরাহকারী দেশ। চীন তৈরিকৃত ইস্পাত পণ্য বিশ্বব্যাপী রপ্তানি করে। ২০২০ সালে চীন ৬৮.১ মিলিয়ন টন ইস্পাত রপ্তানি করে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রও লৌহ ও ইস্পাত শিল্পে উন্নত। দেশটি লৌহ ও ইস্পাত শিল্প উৎপাদনে যথাক্রমে অষ্টম ও চতুর্থ। যুক্তরাষ্ট্রে কাঁচামাল ও পর্যাপ্ত মূলধনের কারণে এ শিল্পটি বিকাশ লাভ করেছে। দেশটি একটি ইস্পাত উৎপাদক দেশ হলেও ইস্পাত আমদানিকারক দেশের মধ্যে অন্যতম। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ লৌহ ও ইস্পাত উৎপাদন চাহিদা মেটাতে পর্যাপ্ত নয়। তাই দেশটি কানাডা, ইউরোপ, দক্ষিণ কোরিয়া এবং মেক্সিকোর মতো দেশ থেকে বিপুল পরিমাণ ইস্পাত আমদানি করে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইস্পাত আমদানির পরিমাণ ছিল ২৮.৯ মিলিয়ন টন।
অতএব উপরিউক্ত আলোচনা থেকে বলতে-পারি দুই দেশই লৌহ ও ইস্পাতের আন্তর্জাতিক বাণিজ্যের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।