উদ্দীপকে আলোচিত চেয়ারম্যান সাহেবের উদ্বোধনী বক্তৃতায় খুলাফায়ে রাশেদিনের প্রথম খলিফা হযরত আবু বকর (রা) এর ভাষণের আদর্শের প্রতিফলন দেখা যায়।
মহানবি (স) এর ওফাতের পর বয়োজ্যেষ্ঠতা, রাজনৈতিক দূরদর্শিতা, সূক্ষ্ম বিচার-বুদ্ধি, ইসলামের জন্য নিঃস্বার্থ আত্মত্যাগ প্রভৃতি দিক বিবেচনায় হযরত আবু বকর (রা) মুসলমাদের খলিফা নির্বাচিত হন । খলিফা নির্বাচিত হয়ে তিনি মুসলমানদের উদ্দেশে একটি ভাষণ দেন। এ ভাষণে খলিফা অসহায় এবং দুর্বলদের রক্ষার প্রতিশ্রুতি দেন। প্রশাসন পরিচালনায় তিনি সবার সহযোগিতা কামনা করেন। উদ্দীপকে উল্লিখিত আজাদ সাহেবও তমালতলা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এরূপ উদ্বোধনী ভাষণ দেন।
চেয়ারম্যান আজাদ সাহেব তার উদ্বোধনী ভাষণে অন্যায়ের প্রতিকার ও ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি জনগণকে তার কাজের ভুল ধরিয়ে দিয়ে জেলা প্রশাসন পরিচালনায় সহায়তা করার আহ্বান জানান। খলিফা আবু বকরও (রা) তার উদ্বোধনী ভাষণে এসব বিষয় উল্লেখ করেছিলেন। এই ভাষণে তিনি বলেন, “আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নই, আপনাদের সবার পরামর্শ ও সহায়তা আমার বিশেষভাবে কাম্য। আমি ন্যায় ও সত্যের ওপর অবিচল থেকে কাজ করলে আপনারা আমাকে সমর্থন করবেন, অন্যায়ের পথে চললে সদুপদেশ দিবেন।' সুতরাং, আজাদ সাহেবের ভাষণে আবু বকর (রা) এর ভাষণের আদর্শ প্রতিফলিত হয়েছে।