জাতি গঠনে নারী সমাজের ভূমিকা সম্পর্কে একটি মঞ্চ ভাষণ তৈরি করো।
উত্তর: 'জাতিগঠনে নারী সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা-২০২০ সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ, আমাদের আজকের সেমিনারের আলোচনার বিষয় হচ্ছে— 'জাতি গঠনে নারী সমাজের ভূমিকা' । যুগ যুগ ধরে যে নারী ছিল অবহেলিত, সে আজ জানিয়ে দিয়েছে তার উপস্থিতির অপরিহার্যতা। সৃষ্টির শুরু থেকেই নারী-পুরুষের সমন্বিত প্রচেষ্টায় সভ্যতার গতি এগিয়ে চলছে অবিরত তবে কালক্রমে এই নারীই বন্দি হয়েছে পুরুষের সৃষ্ট শৃঙ্খলে। বিশেষত, রক্ষণশীল সমাজে চিত্রটি আরও প্রবল। একটি জাতি গঠনে নারী কতটা গুরুত্বপূর্ণ তা আমরা অনুধাবন করতে ব্যর্থ হলেও, বিজ্ঞ ব্যক্তিরা ঠিকই বুঝেছিলেন । তাই আমরা আমাদের জাতীয় কবির কণ্ঠে শুনতে পাই— 'কোনো কালে একা হয় নি কো জয়ী পুরুষের তরবারী, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী।' অর্থাৎ পৃথিবীর বড় বড় সব মহৎ অর্জনে পুরুষকে অনুপ্রেরণা ও শক্তি যুগিয়েছে নারী। পৃথিবীর সূচনা থেকেই সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি তাদের সমান অংশগ্রহণ ছিল । একটি জাতির উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে সে জাতির শিক্ষার ওপর। আর একটি শিক্ষিত জাতি তৈরির সূতিকাগার যে নারী, তা সহজেই বুঝেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। তাই তিনি বলেছিলেন— Let France have good mothers and she will have good sons. সম্মানিত সুধী, একজন নারী সন্তান জন্ম দিয়ে তাকে প্রয়োজনীয় শিক্ষা দিয়ে মহান করে গড়ে তোলেন। একজন নারীই পারেন একটি সুশিক্ষিত, জ্ঞানী জাতি উপহার দিতে। শুধু তাই নয়, যুগে যুগে পুরুষের সহধর্মিণী হিসেবে পুরুষকে বিভিন্নভাবে সাহায্য করে এসেছে নারী। পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করেছে এবং আবিষ্কারে সহযোগিতা করেছে নারী। পৃথিবীতে প্রথম কৃষির সূচনাও হয় এই নারীর হাত ধরে। এ ছাড়া বর্তমানে রাষ্ট্র ও জাতি গঠনে নারীর শক্তিশালী অবস্থান লক্ষ করা যাচ্ছে। বর্তমানে শিক্ষাক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফল করছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে নারীরা । অনেক দুঃসাহসিক পেশা যেমন- পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী, সাংবাদিকতায়ও নারীর দৃপ্ত পদচারণা লক্ষ করা যাচ্ছে। গত ২০ বছরের অধিক কাল আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন নারী। আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রী দুজনই নারী। মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থীও হয়েছিলেন একজন নারী। অর্থাৎ নারীরা আজ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। নারীরা আর চার দেয়ালে বন্দি হয়ে নেই, তারা শিক্ষিত হয়ে উঠছে, গ্রহণ করছে নানা দুঃসাহসিক পেশা । সেই সাথে সামাজিক অগ্রগতি ও সমৃদ্ধিতে রাখছে পুরুষের সমান ভূমিকা । ক্ষেত্রবিশেষে নারীরাই রাখছে অগ্রণী ভূমিকা। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান আপনার শিশুটি মেয়ে হলে তার জন্যও সমান সুযোগ দিন এবং তার ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করুণ। কেননা নারীর সমান অংশগ্রহণই পারে সুষম উন্নয়নকে ত্বরান্বিত করতে। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে সকল ক্ষেত্রে নারীর জাগরণ ঘটলেও নারীর ক্ষমতায়ন ও যথার্থ মূল্যায়ন আজও যথাযথভাবে হয়নি। কিন্তু জাতি গঠনে যেহেতু নারীর অবদান অস্বীকার করার উপায় নেই তাই নারীদের অবশ্যই তার যোগ্য সম্মান দিতে হবে। সবাইকে ধন্যবাদ।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
জাতি গঠনে নারী সমাজের ভূমিকা সম্পর্কে একটি মঞ্চ ভাষণ তৈরি করো।
উত্তর