তোমার কলেজে নবীনবরণ উদযাপনের দিনলিপি লেখ।
উত্তর: ৫ই জুন, ২০২৫ রাত ১১ : ৪০ মিনিট আমার কলেজে নবীনবরণ উদযাপন সকাল সাতটার দিকে মায়ের ডাকে ঘুম ভাঙল। মা মনে করিয়ে দিলেন আজ নবীনবরণ অনুষ্ঠান। নয়টার মধ্যে কলেজে পৌঁছতে হবে। সাড়ে আটটার মধ্যে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। পথে দেখা হলো মঈন আর সায়েমের সঙ্গে। গল্প করতে করতে পৌঁছে গেলাম নির্ধারিত সময়ের আগেই। হলরুমে ঢুকে মনে হলো, কোনো জায়গা খালি নেই। কিন্তু ল্যুপ ও রোল অনুসারে সিট নির্ধারিত ছিল, কাজেই কোনো অসুবিধা হলো না। রিন্টুই আমাকে ডেকে নিল। ঘোষণা হলো পাঁচ মিনিটের মধ্যে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মহোদয় এসে পৌছাবেন এবং তার পরই অনুষ্ঠান শুরু হবে। অন্য অতিথিরা আসন গ্রহণ করছেন একে একে। খুবই মনোরমভাবে সাজানো হয়েছে হলরুম। ফুল-পাতা দিয়ে তৈরি করা হয়েছে তোরণ। খুব ভালো লাগছিল। আমাদের অধ্যক্ষ স্যার প্রধান অতিথিকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করলেন। আমরা হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানালাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বরণ করে নেওয়া হলো। অধ্যক্ষ স্যার সম্মানিত অতিথি ও নবীন শিক্ষার্থীদের স্বাগত ভাষণের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানালেন। এরপর কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পালা। একগুচ্ছ রজনীগন্ধা ও উপহারসামগ্রী হাতে তুলে দিয়ে প্রত্যেক নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হলো। সে এক অভাবনীয় আনন্দমুখর পরিবেশ। আনন্দ-উত্তেজনায় আমার পা কাঁপছিল। তবু নিজেকে স্থির ও স্বাভাবিক রেখে প্রধান অতিথির কাছ থেকে ফুল ও সভাপতির কাছ থেকে উপহারসামগ্রী গ্রহণ করলাম। আনন্দ-শিহরণ খেলে গেল সারা শরীরে। নবীনবরণ শেষ হলে শুরু হলো উপদেশ ও নির্দেশনামূলক বক্তৃতা। সভাপতির ভাষণে কলেজ গভর্নিং বড়ির চেয়ারম্যান মহোদয় সফল মানুষ হিসেবে নিজেদের তৈরি করার মাধ্যমে ইতিহাস গড়ার অনুরোধ জানালেন। দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা খুবই *উপভোগ্য ও শিক্ষণীয় তাৎপর্যে সমুজ্জ্বল ছিল। এরপর উপাদেয় মধ্যাহ্নভোজ সেরে অনুষ্ঠানের নানা দিক নিয়ে গল্প করতে করতে বাসায় ফিরে এলাম। বাবা-মায়ের হাতে তুলে দিলাম একগুচ্ছ রজনীগন্ধা আর উপহারসামগ্রী। বাবা-মায়ের সঙ্গে গল্প করে, পত্রিকা পড়ে আর টিভি নাটক দেখে অনেক সময় কেটে গেল। ছোট মাছ, করলা ভাজি আর মুগডাল দিয়ে মজা করে খেয়ে ঘুমাতে গেলাম নিজের ঘরে। মৃন্ময়ী মাইজদী, নোয়াখালি
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
তোমার কলেজে নবীনবরণ উদযাপনের দিনলিপি লেখ।
উত্তর