Q: একটি গ্রাম্যমেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি লেখ।
উত্তর: ১৭ জুলাই ২০২৪ বুধবার রাত ১১টা টাঙ্গাইল চমৎকার একটি দিন কাটালাম আজ। কলেজের কজন বন্ধু আজ আমাদের বাড়িতে এসেছিল। আমাদের এলাকার ঐতিহ্যবাহী গ্রাম্যমেলা দেখতেই মূলত ওদের আসা। গ্রাম্যমেলায় দর্শকদের ভিড় হয় সাধারণত বিকেলে।তাই আমরা দুপুরের খাবার খেয়ে গেলাম গ্রামের পাশেই বড়াল নদীর পাড়ে আয়োজিত মেলায়। সময় যত গড়াচ্ছিল মেলা যেন আরও লোকারণ্যে পরিণত হচ্ছিল। নদীর তীরে বিশাল একটি ফাঁকা মাঠে সারি সারি দোকান। সেসব দোকান ঘিরে গ্রাম্য ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। এসব দোকানের বেশির ভাগই ছিল চুড়ি, ফিতা, পুতুল, মাটির হাঁড়ি-পাতিল এবং গ্রামবাংলার বিভিন্ন রকম ঐতিহ্যবাহী খাবারের। সন্ধ্যার পর মেলার প্রধান আকর্ষণ ছিল পুতুলনাচ এবং নাগরদোলা। এছাড়া লাঠিখেলা, নৌকাবাইচ, সার্কাস প্রভৃতি মুগ্ধ করে উপস্থিত সকল দর্শককে। সারাদিনের নানা রকম কাজের পরে এই মেলা ছেলে-বুড়ো সকলের মিলনমেলায় পরিণত হয়। কিশোরী ও মহিলারা দলে দলে এসেছিল এই মেলায়। আমার বন্ধুদের বাড়ি শহরে হওয়ায় যেসব জিনিস সচরাচর শহরে পাওয়া যায় না যেমন: পাটের শিকা, মাটির হাঁড়ি ও পুতুল, বেতের তৈরি জিনিসপত্র ইত্যাদি তারা মেলা থেকে সংগ্রহ করল। মেলার পুরোটা ঘুরে দেখে ফেরার সময় একটি পিঠার দোকানে সবাই মিলে গ্রামের নানা রকম পিঠা খেলাম। সব মিলিয়ে আজ আমাদের অনেক আনন্দ হয়েছে।
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
Q: একটি গ্রাম্যমেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি লেখ।
Rajshahi · 2025
উত্তর
উত্তর