তোমার কলেজের শেষদিনের অনুভূতির বর্ণনা দিয়ে একটি দিনলিপি লেখ।
উত্তর: ২২শে মার্চ, ২০২৫ আমার কলেজ জীবনের বিদায় অনুষ্ঠান ঘুম ভাঙতেই মনে পড়ল বিদায় অনুষ্ঠানের কথা। মনটা বিষাদময় হয়ে উঠল। দুবছরের বর্ণাঢ্য কলেজ জীবন শেষে আজ আনুষ্ঠানিকভাবে আমাদের বিদায় দেওয়া হবে। অবশ্য এটা নিছক আনুষ্ঠানিক বিদায়, কলেজের সঙ্গে সম্পর্কচ্ছেদ নয়। কারণ এর পরও নানা প্রয়োজনে কলেজে আসতে হবে। মনে পড়বে নানা কথা, নানা ঘটনা-দুর্ঘটনা, নানা মধুর স্মৃতি। পরিচয়, বন্ধুত্ব, হাসি-আনন্দ, মান-অভিমানের নানা পর্যায় তখন মনে পড়বে নানা প্রসঙ্গে। আজ এসবেরই স্মৃতিচারণ হবে আর আমাদের জীবন ও ভবিষ্যৎ নির্মাণের নির্দেশনা পাব স্যারদের কাছ থেকে। মা এসে ভাবনায় ছেদ ঘটালেন- কী রে, ভাবছিস কী, নটা তো বেজে গেল, তৈরি হয়ে খেয়ে নে। হ্যাঁ মা, এই তো যাচ্ছি বলে ফ্রেশরুমে ঢুকলাম। তৈরি হয়ে দেখলাম বাবা বসে আছেন খাবার টেবিলে। খেতে খেতে বললেন, একটু মন খারাপ লাগতেই পারে, নানা স্মৃতি এসে ভিড়ও করতে পারে, কিন্তু মনে রাখতে হবে আবেগ দিয়ে জীবন চলে না। আবেগের সময় আবেগ প্রকাশ করবে, তারপর আবার বাস্তবমুখী হবে। কেননা বাস্তবতাই জীবন। বাবা নিজেই কলেজগেট পর্যন্ত আমাকে পৌছে দিলেন। ভেতরে ঢুকে দেখলাম আমার সহপাঠীরা মাঠের কোনায় বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। আমাকে দেখে শিহাব উচ্ছ্বসিতভাবে ডাকল। একটু অবাক হলাম। ব্যাপার কী? এসে জানলাম, আজকের অনুষ্ঠানে কলেজ কমিটির চেয়ারম্যান স্যার ঘোষণা দেবেন, যারা জিপিএ-৫ (গোল্ডেন) পেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে তাদেরকে তিনি চার বছর পর্যন্ত প্রতি মাসে স্কলারশিপ দেবেন। শুনে খুব উৎসাহিত হলাম এবং মনে মনে প্রতিজ্ঞা করলাম জিপিএ-৫ (গোল্ডেন) পেতেই হবে। কলেজ অডিটোরিয়াম থেকে আহ্বান জানানো হচ্ছে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য। আমি আসন খুঁজে নিয়ে বসলাম। অনুষ্ঠান শুরু হলো। পবিত্র কোরআন ও গীতা পাঠের পর বিদায় অভিনন্দনপত্র পাঠ করল প্রথম বর্ষের একজন সুদর্শন শিক্ষার্থী। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি কলেজের আকর্ষণীয় পরিবেশ, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা ও নিষ্ঠা, শ্রেষ্ঠ পাঠদান প্রক্রিয়া ও সহানুভূতিশীল আচরণের কথা তুলে ধরে তাঁদের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করলাম, যাতে আমরা দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে পারি এবং কলেজের সুনাম বৃদ্ধি করতে পারি। বিভিন্ন বিভাগের কয়েকজন স্যার নানা স্মৃতি তুলে ধরে আমাদের কল্যাণ কামনা করলেন। চেয়ারম্যান স্যার কলেজের প্রতি, নিজ এলাকার প্রতি তথা দেশ ও জাতির প্রতি দায়িত্ব ও কর্তব্যের কথা তুলে ধরে ঈর্ষণীয় রেজাল্ট করার জন্য উৎসাহিত করলেন এবং উচ্চতর শিক্ষার জন্য স্কলারশিপ প্রদানের কথা ঘোষণা করলেন। স্বতঃস্ফূর্ত করতালির মাধ্যমে আমরা তাঁর প্রতি সকৃতজ্ঞ ধন্যবাদ জ্ঞাপন করলাম। সভাপতির ভাষণে অধ্যক্ষ মহোদয় আসন্ন পরীক্ষা ও জীবনের জন্য কিছু নির্দেশনা প্রদান করে আমাদের হাতে উপহারসামগ্রীর সুদৃশ্য প্যাকেট তুলে দিলেন। এরপর সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে ভূরিভোজ শেষে বাসায় ফিরে এলাম। কিছু সময় রেস্ট নিয়ে পড়তে বসলাম। রাতে খাবার সময় বাবা-মায়ের কাছে আজকের অনুষ্ঠানের নানা দিক তুলে ধরলাম। তারপর তৃপ্তির এক ঘুমে রাত কাবার। সৃষ্টি রায়, পাহাড়তলী, চট্টগ্রাম
HSC Bangla 2nd Paper দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · দিনলিপি লিখন/অভিজ্ঞতা বর্ণন এবং ভাষণ/প্রতিবেদন · সৃজনশীল
তোমার কলেজের শেষদিনের অনুভূতির বর্ণনা দিয়ে একটি দিনলিপি লেখ।
উত্তর