SSCভূগোল ও পরিবেশসৃজনশীল
উদ্দীপক

Mymensingh · 2023
ক
বাষ্পীভবন কাকে বলে?
উত্তর
সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ প্রভৃতি থেকে পানি ক্রমাগত বাষ্পে পরিণত হচ্ছে এবং তা অপেক্ষাকৃত হালকা বলে উপরে উঠে বায়ুমণ্ডলে মিশে অদৃশ্য হয়ে যাচ্ছে। একে বাষ্পীভবন বলে।
খ
বায়ুর কোন স্তরে বেতারতরঙ্গ বাঁধাপ্রাপ্ত হয়? ব্যাখ্যা কর।
উত্তর
আয়নমণ্ডল নামক বায়ুর স্তরে বেতার তরঙ্গ বাধাপ্রাপ্ত হয়। তাপমণ্ডলের নিম্ন অংশকে আয়নমণ্ডল বলে। এখানে বায়ু আয়নিত অবস্থায় থাকে। বেতার তরঙ্গ এ স্তরে এসে বিভিন্ন আয়নে বাধা পায় এবং ভূপৃষ্ঠে ফিরে আসে।
গ
উদ্দীপকে চিত্র-২ এ প্রদর্শিত বৃষ্টিপাতের বর্ণনা দাও।
উত্তর
উদ্দীপকে চিত্র-২ এর বৃষ্টিপাতটি হলো পরিচলন বৃষ্টিপাত।
দিনের বেলায় সূর্যের কিরণে পানি বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ঐ জলীয়বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে। নিরক্ষীয় অঞ্চলে (Equatorial region) স্থলভাগের চেয়ে জলভাগের বিস্তৃতি বেশি এবং এখানে সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে। এ দুটি কারণে এখানকার বায়ুমণ্ডলে সারা বছর জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। জলীয়বাষ্প হালকা বলে সহজেই তা উপরে উঠে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে পরিচলন বৃষ্টিরূপে ঝরে পড়ে। তাই নিরক্ষীয় অঞ্চলে সারাবছর প্রতিদিনই বিকেল অথবা সন্ধ্যার সময় এরূপ বৃষ্টিপাত হয়।
ঘ
বাংলাদেশে চিত্র-১ এ সংগঠিত বৃষ্টিপাতের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর
যচিত্র-১ এ সংঘটিত বৃষ্টিপাত হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। বৃষ্টিপাতটি আমাদের দেশের অর্থনীতি ও কৃষিকাজের জন্য অধিক উপযোগী।
বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে আসার সময় প্রচুর জলীয়বাষ্প সমৃদ্ধ থাকে। দেশের উত্তরে হিমালয় পর্বতের অবস্থানের কারণে এ জলীয়বাষ্প শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, যা বাংলাদেশের কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
বিশেষত উল্লেখ করা যায়, শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাতের কারণে সিলেটে প্রচুর বোরো ধান এবং পাহাড়ি ঢালু জমিতে চা উৎপাদিত হয়। এছাড়াও দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় অন্যান্য আরও বিভিন্ন ধরনের ফসল, শাকসবজি ও ফলমূল উৎপাদনে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।
উপরের আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের গুরুত্ব অপরিসীম।
সম্পূর্ণ প্রশ্ন দেখো
